প্রধান উপদেষ্টার দেওয়া সময়ের মধ্যেই নির্বাচন হবে: শফিকুল আলম
উত্তরদক্ষিণ। শনিবার (১৯ জুলাই), ২০২৫, আপডেট, ১৫:৫০
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস নির্বাচনের জন্য যে সময়সীমা নির্ধারণ করেছেন, সেই সময়ের মধ্যেই নির্বাচন হবে এবং নির্বাচন এক দিনও পেছাবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শনিবার (১৯ জুলাই) দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত আন্তর্জাতিক ইভেন্টে (টেডএক্স কুমিল্লা ইউনিভার্সিটি) অংশগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। কুমিল্লার কোটবাড়ীতে অবস্থিত বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) ময়নামতি অডিটরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শফিকুল আলম বলেন, নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস যে সময়ের ভেতরে নির্বাচন হওয়ার কথা বলেছেন, ঠিক সেই সময়ের মধ্যেই নির্বাচন হবে। নির্বাচন নির্ধারিত সময়ের চেয়ে এক দিনও পেছাবে না।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, আপনারা দেখবেন অত্যন্ত সুন্দর পরিবেশে শান্তিপূর্ণ একটা নির্বাচন হবে। বাংলাদেশের ইতিহাসে সেরা একটি নির্বাচন উপহার দেবে বর্তমান সরকার। অধ্যাপক ইউনূস বারবার বলেছেন, নির্বাচন নিয়ে কোনো প্রকার অনিশ্চয়তা নেই। নির্বাচন ভালো হবে, নির্বাচনের পরিবেশ ঠিক করা হবে এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হবে। আগামী নির্বাচনে সব প্রার্থীর জন্য সমান সুযোগ থাকবে। কেউ যেন বলতে না পারেন, তার প্রতি অন্যায় করা হয়েছে।
ইউডি/এবি

