শিলং থেকে কক্সবাজারে নব্য ‘গডফাদার’ এসেছে—সালাহউদ্দিনকে ইঙ্গিত করে নাসীরুদ্দীন
উত্তরদক্ষিণ। শনিবার (১৯ জুলাই) ২০২৫, আপডেট ২৩:০০
জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘আগে আওয়ামী লীগের আমলে নারায়ণগঞ্জে বিখ্যাত গডফাদার শামীম ওসমান ছিল; এখন শুনছি কক্সবাজারে নব্য গডফাদার শিলং থেকে এসেছে। ঘের দখল করছে, মানুষের জায়গা জমি দখল করছে, চাঁদাবাজি করছে। তার নাম না বললাম, আবার নাকি সে সংস্কার বোঝে না।’
শনিবার (১৯ জুলাই) দুপুরে কক্সবাজারে এনসিপি আয়োজিত পথসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদের দিকে ইঙ্গিত করে তিনি এ কথাগুলো বলেন।
‘দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির’ অংশ হিসেবে শহরের লালদিঘির পাড়ের পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে আয়োজিত এই পথসভায় আরও উপস্থিত ছিলেন, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা প্রমুখ।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্যদের দিকে ইঙ্গিত করে নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, ‘কক্সবাজারের জনতা এ ধরনের সংস্কারবিরোধী, যে পিআর বোঝে না, রাজপথে তাদের ঠেকিয়ে দেবে ইনশা আল্লাহ।’
ইউডি/এবি

