জামায়াত আমিরকে হাসপাতালে দেখতে গেলেন মির্জা ফখরুল
উত্তরদক্ষিণ। শনিবার (১৯ জুলাই) ২০২৫, আপডেট ২৩:৪০
অসুস্থ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে হাসপাতালে দেখতে গিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায়বিএনপি মহাসচিব রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত ইবনে সিনা হাসপাতালে জামায়াত আমিরকে দেখতে যান।
ডা. শফিকুর রহমান রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ মঞ্চে পড়ে যান। গরমে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। পরে সমাবেশ শেষে তাকে রাজধানীর ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়েছে।
জামায়াতে ইসলামীর প্রচার বিভাগ থেকে জানানো হয়, দলের আমিরের প্রেশার ও সুগার লেভেল ঠিক আছে। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। ডা. শফিকুর রহমানের সুস্থতার জন্য দোয়া চেয়েছে দলটি।
শনিবার সকালে সাত দফা দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে বক্তৃতা শুরু করার কিছুক্ষণ পর গরমের কারণে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অসুস্থ হয়ে পড়েন। এক পর্যায়ে তিনি মঞ্চে লুটে পড়েন। সঙ্গে সঙ্গে নেতাকর্মীরা তাকে তুলে দাঁড় করান। আবার বক্তব্য দিতে শুরু করেন তিনি।
তিনি দ্বিতীয়বার অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান। জামায়াত আমির অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকরা তাকে চিকিৎসা দেওয়া শুরু করেন। তৎপর হয়ে উঠেন স্বেচ্ছাসেবকরা।
অসুস্থ অবস্থায় মঞ্চে বসেই মাইক হাতে নিজের সমাপনী বক্তব্য দেন শফিকুর রহমান।
ইউডি/এবি

