বিমান বিধ্বস্ত: আতঙ্কিত হয়ে দিকবিদিক ছুটছেন শিক্ষার্থী ও অভিভাবকরা

বিমান বিধ্বস্ত: আতঙ্কিত হয়ে দিকবিদিক ছুটছেন শিক্ষার্থী ও অভিভাবকরা

উত্তরদক্ষিণ। সোমবার, ২১ জুলাই, ২০২৫, আপডেট ১৬:১৫

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বহু হতাহতের শঙ্কা করা হচ্ছে। তবে এখনো পর্যন্ত ২০ জনকে উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। এছাড়া এ ঘটনায় অন্তত একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।

সোমবার (২১ জুলাই) দুপুর ১টার কিছু পরে বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটি ছিল বিমান বাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান।

জানা গেছে, ঘটনার সময় মাইলস্টোন স্কুল ও কলেজে শ্রেণি কার্যক্রম চলছিল। হঠাৎ বিকট শব্দে বিমানটি ভেঙে পড়লে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়। স্কুলের অভিভাবকরা খবর পেয়ে দিকবেদিক ছুটছেন সন্তানদের খোঁজ নিতে। অনেকেই উদ্বিগ্ন হয়ে পড়েন।

বিমান বাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল। উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই এটি দুর্ঘটনার কবলে পড়ে।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে এই দুর্ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে একটি প্রশিক্ষণ বিমানকে নিচে পড়ে যেতে দেখা যায়, তবে ভিডিওটির সত্যতা এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি।

ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিদুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়েছি, মাইলস্টোন কলেজ এলাকায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। ঘটনাস্থলে যাচ্ছি, বিস্তারিত জানার চেষ্টা করছি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা খানম বলেন, দুপুর ১টা ১৮ মিনিটে খবর পেয়েছি যে উত্তরা মাইলস্টোন কলেজের কাছে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। আমাদের ৯টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

স্থানীয় সূত্র জানিয়েছে, বিধ্বস্ত হওয়ার পর ঘটনাস্থলে দ্রুত উদ্ধার অভিযান শুরু হয়। কয়েকজন আহত ব্যক্তিকে স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে। বিমানটি বিধ্বস্ত হওয়ার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধার তৎপরতা চলমান রয়েছে। দুর্ঘটনায় কেউ মারা গেছেন কি না, সেটি নিশ্চিত করেনি কোনো কর্তৃপক্ষ।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading