মেসি ম্যাজিকে অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা
উত্তরদক্ষিণ। মঙ্গলবার (২৩ জুন) ২০২৬, আপডেট ০২:০৫
অস্ট্রিয়ার বিপক্ষে বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে যেন সবকিছুই একসঙ্গে উপহার দিলেন লিওনেল মেসি।
ম্যাচের শুরুতেই পেনাল্টি থেকে রেকর্ড গড়ার সুযোগ হাতছাড়া করেন আর্জেন্টাইন অধিনায়ক। তবে শেষ পর্যন্ত ৩৮ মিনিটে কাঙ্ক্ষিত গোল করে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসনে এককভাবে নাম লেখান তিনি।
তার পর তো শেষ দিকে অসাধারণ নৈপুণ্যে জোড়া গোল তুলে সেই রেকর্ড আরও সমৃদ্ধ করেছেন। তার জোড়া গোলেই শেষ পর্যন্ত অস্ট্রিয়াকে ২-০ ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা। টানা দ্বিতীয় জয়ে শেষ ৩২-ও নিশ্চিত হয়ে গেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের।
লিওনেল মেসির জন্য রাতটা ছিল ইতিহাস গড়ার। ৯ মিনিটে স্পট কিক নিতে যাওয়ার সময় অনেকেই ধরে নিয়েছিলেন, বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড বুঝি নিজের করে নিতে যাচ্ছেন কাতার বিশ্বকাপজয়ী অধিনায়ক।
কিন্তু তাৎক্ষণিকভাবে সেই অপেক্ষার অবসান হয়নি। লক্ষ্যভ্রষ্ট শটে পেনাল্টি নষ্ট করে সুযোগ হাতছাড়া করেন তিনি। তবে মনে হচ্ছিল, ফুটবল দেবতাও যেন আরও বিশেষ কিছুর জন্য মুহূর্তটি তুলে রেখেছিলেন।
সহজ কোনো গোল নয়, বরং নিজের স্বভাবসুলভ নৈপুণ্যে ইতিহাস গড়লেন মেসি।
ইউডি/এবি

