মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
উত্তরদক্ষিণ। মঙ্গলবার (২২ জুলাই), ২০২৫, আপডেট, ১৫:৫৫
শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. চৌধুরী রফিকুল আবরার মঙ্গলবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিতের ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।
সোমবার (২১ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে দুই উপদেষ্টার ফেসবুক আইডিতে পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়, ‘শিক্ষা উপদেষ্টার সঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের সাক্ষাৎ হয়েছে। আজকের (মঙ্গলবার) এইচএসসি পরীক্ষা স্থগিত হওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা।’
এর আগে রাজধানীতে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে বড় ধরনের হতাহতের ঘটনায় মঙ্গলবার (২২ জুলাই) এইচএসসি পরীক্ষা চলমান রাখার সিদ্ধান্তে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়।
নেটিজেন ও শিক্ষার্থীরা বলছেন, দেশে ঘটে যাওয়া এত বড় দুর্ঘটনায় সারা দেশের মানুষ যখন শোকে স্তব্ধ, সেখানে শিক্ষা বোর্ডগুলো পরীক্ষা নিয়ে ব্যস্ত।
ইউডি/এবি

