বিমান বিধ্বস্তের ঘটনায় কংগ্রেসওম্যান গ্রেস মেংয়ের শোক
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫, আপডেট ১২:১০
ঢাকায় বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন আমেরিকার জাতীয় নিরাপত্তা, পররাষ্ট্র দপ্তর এবং সংশ্লিষ্ট কর্মসূচিগুলোর দায়িত্বপ্রাপ্ত হাউস অ্যাপ্রোপ্রিয়েশনস সাব কমিটির সদস্য আমেরিকার কংগ্রেসওম্যান গ্রেস মেং।
সোমবার (২১ জুলাই) এফ-৭ বিজিআই যুদ্ধবিমান দিয়ে প্রশিক্ষণ চলার সময় উত্তরার মাইলস্টোন কলেজ ক্যাম্পাসের একটি ভবনে বিধ্বস্ত হয় বিমানটি।
সোমবার (২১ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেস মেং বলেন, ঢাকায় বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমানের মর্মান্তিক দুর্ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক। যারা এ দুর্ঘটনার শিকার হয়েছেন এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, বিশেষ করে যেসব অভিভাবক তাদের সন্তানকে হারিয়েছেন এবং তরুণ শিক্ষার্থীরা তাদের বন্ধু ও সহপাঠীদের হারিয়েছে তাদের প্রতি আমার গভীর সহানুভূতি জানাচ্ছি। সন্তানের মা হিসেবে আমি কেবল কল্পনা করতে পারি কী কঠিন হৃদয়বিদারক যন্ত্রণার মধ্য দিয়ে তারা যাচ্ছেন। এ দুর্ঘটনায় আহত সকলের দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করছি।
কংগ্রেসওম্যান গ্রেস মেং বলেন, এ ভয়াবহ ক্ষতির শোক ও দুঃখে আমি বাংলাদেশি কমিউনিটির পাশে আছি। দুর্ঘটনার স্থানে উপস্থিত সাহসী উদ্ধারকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এ দুর্ঘটনায় যাদের আত্মীয়-স্বজন ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের সহায়তায় আমার কার্যালয় প্রস্তুত রয়েছে।
ইউডি/কেএস

