শোকের আবহে সিরিজ নিশ্চিতের লড়াই, যেমন হবে বাংলাদেশের একাদশ

শোকের আবহে সিরিজ নিশ্চিতের লড়াই, যেমন হবে বাংলাদেশের একাদশ

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫, আপডেট ১৩:৫০

প্রথম ও দ্বিতীয় টি-টোয়েন্টির মাঝে একদিন বিশ্রামের সুযোগ পেয়েছিল বাংলাদেশ ও পাকিস্তানের ক্রিকেটাররা। কিন্তু তাদের দিনটা কেটেছে বিষাদময়। উত্তরার মাইলস্টোন স্কুল ও কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় পুরো দেশ শোকস্তব্ধ। এমন পরিস্থিতিতেই আজ (মঙ্গলবার) দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ-পাকিস্তান। শোকের আবহে অনুষ্ঠিত হবে এই ম্যাচ।

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা ৬টায়। মর্মান্তিক দুর্ঘটনায় শোক ও দোয়া চেয়েছেন দেশ দুটির ক্রিকেটাররা। এদিকে, মাইলস্টোনে হতাহতদের স্মরণে আজ কালো আর্মব্যান্ড পরিধান করে মাঠে নামবেন বাংলাদেশ-পাকিস্তানের ক্রিকেটাররা। এ ছাড়াও রাষ্ট্রীয় শোকের দিনটিকে ঘিরে বিসিবি বেশকিছু পদক্ষেপ নিয়েছে– সকালে মিলাদ ও দোয়া মাহফিল, স্টেডিয়ামসহ বিসিবির সব ভেন্যুতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, খেলার শুরুতে এক মিনিট নীরবতা পালন এবং ম্যাচের মাঝে গান-বাজনা বন্ধ।

এদিকে, প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং বিপর্যয়ে পড়া পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। আজ জিতলেই এক ম্যাচ হাতে রেখে তাদের সিরিজ নিশ্চিত হয়ে যাবে। বিপরীতে পাকিস্তানের জন্য দিনটা সিরিজে টিকে থাকার লড়াই। অর্থাৎ, শোকের মাঝেও থাকছে লড়াইয়ের আভাস। যথারীতি ম্যাচ শুরুর আগে আলোচনায় রয়েছে দুই দলের একাদশ নিয়ে।

প্রথম ম্যাচেই দেখা গিয়েছিল মিরপুরের চিরাচরিত উইকেট। যেখানে বোলারদের ম্যাচে পার্থক্য তৈরির সুযোগ থাকে বেশি। ব্যাটারদের নাজেহাল অবস্থায় দেখে মিরপুরের উইকেট ‘আন্তর্জাতিক ক্রিকেটে অগ্রহণযোগ্য’ বলেও মন্তব্য করেন পাকিস্তানি কোচ মাইক হেসন। তবে দ্বিতীয় ম্যাচেও পিচ বদলের খুব একটা সম্ভাবনা থাকছে না। ধারণা করা হচ্ছে বাংলাদেশ এদিনও আগের ম্যাচের একাদশ নিয়ে নামবে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ : তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক, শেখ মেহেদী হাসান, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।

পাকিস্তান সম্ভাব্য একাদশ : সাইম আইয়ুব, সাহিবজাদা ফারহান, মোহাম্মদ হারিস, হাসান নওয়াজ, সালমান আলী আগা (অধিনায়ক), খুশদিল শাহ, হুসাইন তালাত, ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, সালমান মির্জা ও আবরার আহমেদ।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading