৬ ঘণ্টা ধরে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫, আপডেট ১৯:০০
রাজধানীর উত্তরায় বিমান দুর্ঘটনায় মাইলস্টোন স্কুলের হতাহত শিক্ষার্থীদের সঠিক তথ্য প্রদান ও গভীর রাতে চলমান এইচএসসি পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তের প্রতিবাদে বরিশাল শিক্ষা বোর্ড এবং এর সামনের ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ১২টা থেকে অবরোধ শুরু করেন শিক্ষার্থীরা। এতে ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন দূর-দূরান্তের যাত্রীরা।
আন্দোলনরত শিক্ষার্থী সাকিবুল ইসলাম বলেন, আমরা ন্যায্য দাবি নিয়ে এসেছি। যতক্ষণ পর্যন্ত দাবি মেনে নেওয়া হবে না ততক্ষণ আমরা সড়ক ছাড়বো না। আমরা দেখেছি কীভাবে মাইলস্টোনে শিশুরা মারা গেছে। সেখানে কতজন নিহত হয়েছে তার সঠিক তথ্য দিচ্ছে না সরকার। আমরা আরও দেখেছি এইচএসসি পরীক্ষা নিয়ে ছলচাতুরি করছে। যেখানে সারা দেশ শোকে স্তব্ধ সেখানে শিক্ষা উপদেষ্টা আমাদের সাথে ইঁদুর বিড়াল খেলছেন।
শিক্ষার্থী ইমরান হোসেন বলেন, সরকারের আচরণও ফ্যাসিস্টের মতো হয়ে গেছে। কোনো কিছু বললেই পুলিশ, আর্মি পাঠায়। আমরা বলতে চাই হাসিনা দানব শিক্ষার্থীদের সাথে পারেনি। আর আপনাকে আমরা বসিয়েছি। আমাদেরকে ভুল বুঝানোর চেষ্টা করা উচিত না।
এর আগে দুপুরে বিমান দুর্ঘটনায় মাইলস্টোন স্কুলে নিহত শিক্ষার্থীদের গায়েবানা জানাজা পড়েন শিক্ষার্থীরা। পরে তাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী জানান, পরীক্ষার বিষয়ে তারাও গভীর রাতে নোটিশ পেয়েছেন। নোটিশ পাওয়ার পর পরই সব কলেজে জানিয়ে দিয়েছেন।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির সিকদার বলেন, জনভোগান্তির কথা চিন্তা করে সড়কে অবস্থানকারী শিক্ষার্থীদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানিয়েছি। পুলিশ নথুল্লাবাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে।
ইউডি/এআর

