যুদ্ধবিমান দুর্ঘটনা আহতদের দেখতে সিএমএইচে নৌ উপদেষ্টা

যুদ্ধবিমান দুর্ঘটনা আহতদের দেখতে সিএমএইচে নৌ উপদেষ্টা

উত্তরদক্ষিণ। বুধবার, ২৩ জুলাই, ২০২৫, আপডেট ১৪:১৫

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান দুর্ঘটনায় দগ্ধ এবং জুলাই গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিদের দেখতে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) গেছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. এম সাখাওয়াত হোসেন।

বুধবার (২৩ জুলাই) সকালে ঢাকা সিএমএইচে যান উপদেষ্টা। তিনি দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং আহতদের শারীরিক অবস্থার খোঁজ নেন। আহতদের সুচিকিৎসার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিতে চিকিৎসকদের নির্দেশনা দেন এম সাখাওয়াত হোসেন।

নৌ উপদেষ্টা আহত ব্যক্তিদের সঙ্গেও কথা বলেন। তাদেরকে মনোবল অটুট রাখার পরামর্শ দেন তিনি।

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান দুর্ঘটনা জাতির জন্য বেদনাদায়ক বলে উল্লেখ করেন নৌ উপদেষ্টা। তিনি নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। উপদেষ্টা আহত ও নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

এম সাখাওয়াত হোসেন জানান, ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হচ্ছে। ইতোমধ্যে সিঙ্গাপুর থেকে বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সদের একটি দলকে ঢাকায় আনা হয়েছে এবং যুদ্ধবিমান দুর্ঘটনায় গুরুতর দগ্ধদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

তিনি বলেছেন, ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা প্রতিরোধে সরকার প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেবে।

এ সময় নৌ উপদেষ্টার সঙ্গে ছিলেন সিএমএইচের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশেষজ্ঞ চিকিৎসকরা।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading