আমেরিকা থেকে ২৫ লাখ টন গম কিনবে সরকার: অর্থ উপদেষ্টা
উত্তরদক্ষিণ। বুধবার (২৩ জুলাই) ২০২৫, আপডেট ২৩:২০
আমেরিকা থেকে ২৫ লাখ টন গম কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এসব উদ্যোগের ফলে বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্র যে শুল্ক আরোপ করেছে, সেটির হার কিছুটা কমানো হবে বলে আশা প্রকাশ করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
বুধবার (২৩ জুলাই) বিকেলে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে এ আশা প্রকাশ করেন তিনি।
অর্থ উপদেষ্টা বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি বাংলাদেশি পণ্যেও বাড়তি ৩৫ শতাংশ শুল্ক আরোপ করে রেখেছে ট্রাম্প প্রশাসন, যা আগামী আগস্টের শুরুতেই কার্যকর হওয়ার কথা রয়েছে। তবে এর মধ্যে বাড়তি শুল্ক কমিয়ে আনতে আমেরিকার সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ।’
ট্রাম্পের শুল্ক আরোপের বিষয়ে ইউএসটিআরের সঙ্গে আবারও আলোচনা করতে চলতি মাসেই বাণিজ্য উপদেষ্টা আমেরিকা যাবেন জানিয়ে তিনি বলেন, ‘আলোচনা চলছে। আশা করা যায় শুল্ক হার কমাবে ট্রাম্প প্রশাসন। উপদেষ্টা পরিষদ কমিটির সভায় গম ছাড়াও সার, এলএনজি আমদানি সংকান্ত বেশ কয়েকটি প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।’
ইউডি/এবি

