অধ্যাপক মাকসুদ হেলালীকে কুয়েটের উপাচার্য নিয়োগ

অধ্যাপক মাকসুদ হেলালীকে কুয়েটের উপাচার্য নিয়োগ

উত্তরদক্ষিণ। শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫, আপডেট ১৩:৫০

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালী। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক। বৃহস্পতিবার আগামী ৪ বছরের জন্য তাকে উপাচার্য নিয়োগ করে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়।

ছাত্ররাজনীতি বন্ধের দাবি নিয়ে দ্বন্দ্বের জেরে গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে ছাত্রদল নেতাকর্মী ও বহিরাগতদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এতে শতাধিক আহত হন। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত ২৫ এপ্রিল উপাচার্য অধ্যাপক মুহাম্মদ মাছুদকে অব্যাহতি দেয় শিক্ষা মন্ত্রণালয়।

এর মধ্যে গত ১ মে মন্ত্রণালয় চুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক হযরত আলীকে অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ দেয়। তার বিরুদ্ধে শিক্ষক সমিতি আন্দোলন শুরু করলে ২২ মে তিনি পদত্যাগ করেন। শিক্ষক সমিতির ক্লাস বর্জন কর্মসূচি ও ক্যাম্পাস বন্ধের কারণে গত ৫ মাস ধরে কুয়েটে ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে। এতে হতাশ হয়ে পড়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।

সংকট নিরসনের জন্য শিক্ষক সমিতি দ্রুত উপাচার্য নিয়োগের দাবি জানিয়ে আসছে। উপাচার্য নিয়োগ হওয়ায় এবার তাদের ক্লাস শুরুর অনুরোধ জানিয়েছেন অভিভাবকরা।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading