বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে চীনা বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে: বিডা

বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে চীনা বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে: বিডা

উত্তরদক্ষিণ। রবিবার, ২৭ জুলাই, ২০২৫, আপডেট ১৬:০০

চীনা বিনিয়োগকারীরা বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতগুলোতে বিনিয়োগের দৃঢ় আগ্রহ প্রকাশ করেছেন। গত ২১ জুলাই সাংহাই ও গুয়াংজৌতে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকগুলোতে এই আগ্রহ প্রকাশ করেন তারা।

আজ রবিবার বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, একশরও বেশি চীনা বিনিয়োগকারী গত ২১ জুলাই সাংহাইয়ে অনুষ্ঠিত ‘বাংলাদেশ-চীন বিনিয়োগ সেমিনারে’ অংশ নেন। সেমিনারটি যৌথভাবে আয়োজন করে বিডা এবং বাংলাদেশ দূতাবাস।

২০ থেকে ২৬ জুলাই পর্যন্ত সাংহাই ও গুয়াংজৌয়ে অনুষ্ঠিত এই বিনিয়োগ প্রচার কার্যক্রমের নেতৃত্ব দেন বিডা এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।

সেমিনারের পাশাপাশি, প্রতিনিধি দলটি চীনের দুইটি শহরের ২৫টিরও বেশি কোম্পানির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করে। এসব আলোচনায় বাংলাদেশে নতুন বা সম্প্রসারিত বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। আলোচনার প্রধান খাতগুলোর মধ্যে ছিল নবায়নযোগ্য জ্বালানি, তৈরি পোশাক, স্বাস্থ্যসেবা এবং ভোক্তা ইলেকট্রনিক্স।

বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, চীনা কোম্পানিগুলোর আগ্রহ ও সক্রিয় অংশগ্রহণ আমাদের আশাবাদী করেছে। এসব বৈঠকের মাধ্যমে বাংলাদেশে সাম্প্রতিক গুরুত্বপূর্ণ নীতিগত অগ্রগতি তুলে ধরা হয়েছে, বিশেষত মুদ্রার স্থিতিশীলতা ও বিনিয়োগ প্রক্রিয়ার সহজীকরণ। এসব উদ্যোগ নিয়ে চীনা বিনিয়োগকারীরা ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন।

বিডা ও বেজার ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতিনিধি দলের সঙ্গে এই সফরে অংশ নেন সিটিব্যাংক এনএ, ইস্টার্ন ব্যাংক, এইচএসবিসি এবং স্ট্যান্ডার্ড চার্টার্ডের প্রতিনিধিরা।

এই সফরের মাধ্যমে চীনের বিভিন্ন শীর্ষ ব্যবসায়ী সংগঠন ও চীনে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে ভবিষ্যৎ সহযোগিতার নতুন দ্বার উন্মোচিত হয়েছে।

পাশাপাশি, পূর্ব এশিয়ায় বিডার প্রথম আন্তর্জাতিক কার্যালয় স্থাপনের বিষয়ে প্রাথমিক আলোচনা অনুষ্ঠিত হয়, যাতে এই অঞ্চলে বিনিয়োগ সহায়তা ও প্রচার কার্যক্রম আরও জোরদার করা যায়।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading