সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কমিশন গঠন করে প্রজ্ঞাপন
উত্তরদক্ষিণ। রবিবার (২৭ জুলাই) ২০২৫, আপডেট ২০:৩০
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণে ‘জাতীয় বেতন কমিশন, ২০২৫’ গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
রবিবার (২৭ জুলাই) সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে কমিশনের সভাপতি করে এ প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়।
এর আগে গত ২৪ জুলাই প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায় বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
এ কমিশনের প্রধান করা হয়েছে সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানকে। এ কমিশনকে ছয় মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
বর্তমানে ২০১৫ সালের পে স্কেল অনুসারে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বেতনভাতা পান। বর্তমানে সরকারি কর্মকর্তা-কর্মচারী আছেন প্রায় ১৫ লাখ।
গত দুই বছরের বেশি সময় ধরে দেশে উচ্চ মূল্যস্ফীতি বিরাজমান। এতে মানুষের প্রকৃত আয় কমে যাচ্ছে। এমন প্রেক্ষাপটে নতুন বেতনকাঠামো নির্ধারণে জাতীয় বেতন কমিশন গঠন করা হলো।
ইউডি/এবি

