৪৮তম বিসিএসের মৌখিক পরীক্ষার সময়সূচি

৪৮তম বিসিএসের মৌখিক পরীক্ষার সময়সূচি

উত্তরদক্ষিণ। সোমবার, ২৮ জুলাই, ২০২৫, আপডেট ০৯:০০

৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় লিখিত (এমসিকিউ টাইপ) অংশে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে (১ম পর্যায়ে) স্বাস্থ্য ক্যাডারের সহকারী ডেন্টাল সার্জন পদের ৫১১ জন এবং সহকারী সার্জন পদের ১৯১ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

রবিবার (২৭ জুলাই) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রথম পর্যায়ের মৌখিক পরীক্ষা আগামী ৬ আগস্ট শুরু হবে। এরপর ৭ ও ১০ আগস্টেও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় শুরু হবে মৌখিক পরীক্ষা।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৌখিক পরীক্ষার নির্ধারিত সময়সূচি কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট (http://bpsc.teletalk.com.bd) থেকে পাওয়া যাবে।

পরীক্ষার ভেন্যু
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের প্রধান কার্যালয়ে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার্থীদের প্রতি কিছু নির্দেশনা
মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইট থেকে BPSC Form-1 ডাউনলোড করে পূরণ করতে হবে। এই ফরম ও অন্যান্য প্রয়োজনীয় সব সনদের ২ (দুই) সেট সত্যায়িত ফটোকপি মৌখিক পরীক্ষার দিন সংশ্লিষ্ট বোর্ডে জমা দিতে হবে। একই সঙ্গে মূল সনদগুলো প্রদর্শনের জন্য সঙ্গে রাখতে হবে।

প্রার্থীদের অনলাইনে BPSC Form-3 পূরণ করে এর ২ (দুই) কপি মৌখিক পরীক্ষার বোর্ডে জমা দিতে হবে।

কোনো প্রার্থীর নামে ডাকযোগে সাক্ষাৎকারপত্র প্রেরণ করা হবে না। প্রার্থীদের কমিশনের ওয়েবসাইট থেকে সাক্ষাৎকারপত্র ডাউনলোড করে সংগ্রহ করতে হবে এবং তাতে নিজ মৌখিক পরীক্ষার তারিখ ও রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ করতে হবে।

সংশ্লিষ্ট সব কাগজপত্রসহ ফরম জমা দিতে ব্যর্থ হলে প্রার্থীর প্রার্থিতা বাতিল হবে এবং তিনি মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।

৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষার লিখিত (এমসিকিউ টাইপ) পরীক্ষায় ৫ হাজার ২০৬ জন উত্তীর্ণ হয়েছেন। ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা–২০২৫–এ অংশ নিয়েছেন ৪১ হাজার ২৫ জন। এই বিসিএস থেকে তিন হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার। পিএসসি আগেই জানিয়েছিল, ৪৮তম বিশেষ বিসিএসে মোট ৩০০ নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে এমসিকিউ পদ্ধতিতে ২০০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। আর মৌখিক পরীক্ষা হবে ১০০ নম্বরের।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading