এমবাপ্পের গায়েই রিয়ালের ১০ নম্বর জার্সি

এমবাপ্পের গায়েই রিয়ালের ১০ নম্বর জার্সি

উত্তরদক্ষিণ। বুধবার, ৩০ জুলাই, ২০২৫, আপডেট ১৮:৪০

দীর্ঘদিন রিয়াল মাদ্রিদের ১০ নম্বর জার্সিটি ছিল ক্রোয়েট মিডফিল্ডার লুকা মদ্রিচের দখলে। গত মৌসুমে রিয়াল ছাড়ার পর অনেকটাই নিশ্চিত ছিল ঐতিহাসিক এই জার্সিটি কার দখলে যাচ্ছে। আর হয়েছেও তা-ই। আগামী মৌসুমে ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে এই জার্সি পরে মাঠে নামবেন।

মঙ্গলবার (২৯ জুলাই) রাতে নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে এমবাপ্পেই যে ১০ নম্বর জার্সি গায়ে জড়াচ্ছেন তাই জানিয়ে দিল স্প্যানিশ ক্লাবটি। প্রথমে একটি ছবি পোস্ট করে রিয়াল। সেখান দেখা যায়, ড্রেসিংরুমে ঝুলিয়ে রাখা রিয়ালের ১০ নম্বর জার্সিতে দেখা এমবাপ্পে।

তার ঘণ্টা খানেক পর রিয়াল আরও একটি ছবি পোস্ট করে। ঠিক একই সময়ে এমবাপ্পেও পোস্ট করেন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে। ক্লাবের ১০ নম্বর জার্সি পরে হাত উঁচু করে দাঁড়িয়ে এমবাপ্পে—ফরাসি তারকার এই পোস্টে আগুনের ইমো দিয়ে মন্তব্য করেন লুকা মদ্রিচ। দীর্ঘ সাত মৌসুম ধরে রিয়ালের এই জার্সি শোভা পেয়েছে মদ্রিচের গায়ে।

ক্লাব ফুটবলে সাত বছর পর আবার ১০ নম্বর জার্সি গায়ে চাপাবেন এমবাপ্পে। সবশেষ এই জার্সি গায়ে খেলেছিলেন তিনি প্রথম ক্লাব মোনাকোর হয়ে। সেখান থেকে ২০১৮ সালে পিএসজিতে পাড়ি জমানোর পর ক্লাবটিতে বিভিন্ন সময়ে ১৪, ১৭ ও ২৯ নম্বর হয়ে থিতু হয়েছিলেন ‘৭’ নম্বর জার্সিতে। সেই জার্সি গায়েই তিনি হয়ে ওঠেন পিএসজির সফলতম গোলস্কোরার।

তবে রিয়াল মাদ্রিদে ৭ নম্বর জার্সি ভিনিসিউসের, ১০ নম্বর ছিল মদ্রিচের। প্রথম মৌসুমে তাই ৯ নম্বর জার্সি গায়ে খেলেছেন এমবাপ্পে। এই জার্সি গায়ে এমবাপ্পে প্রথম মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে গোলের রেকর্ড গড়েছেন। ক্যারিয়ারের প্রথম ইউরোপিয়ান গোল্ডেন শু জিতেছেন। স্বপ্নের ক্লাবে দ্বিতীয় মৌসুমে পছন্দের জার্সিও পেয়ে যাচ্ছেন। যদিও জাতীয় দলে অনেকদিন আগে থেকেই ১০ নম্বর জার্সি এমবাপ্পের দখলে। এই জার্সি পরে এমবাপ্পে জাতীয় দলের হয়ে জিতেছেন একটি বিশ্বকাপও।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading