অনূর্ধ্ব-২৩ দলের ক্যাম্পে একমাত্র প্রবাসী জায়ান
উত্তরদক্ষিণ। শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫, আপডেট ১৭:২০
জুনের শেষ দিকে প্রবাসী ফুটবলারদের ট্রায়াল হয়েছিল। আলোচনা চলছিল, তাদের মধ্যে থেকে অনূর্ধ্ব-২৩ দলে কেউ কেউ ডাক পেতে পারেন। একাধিক নয়, মাত্র একজন ট্রায়াল থেকে আনুষ্ঠানিক ডাক পেলেন। তিনি আমেরিকান প্রবাসী ডিফেন্ডার জায়ান আহমেদ।
বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার প্রিমিয়ার ও চ্যাম্পিয়নশিপ লিগের ক্লাবগুলোকে অনূর্ধ্ব-২৩ দলের আংশিক ১৯ জনের তালিকা দিয়েছেন। বাফুফের ট্রায়ালে জায়ান তার স্কিল ও ফিটনেস দিয়ে মুগ্ধ করে এই তালিকায় নাম লেখান।
আজ শুক্রবার শুরু হচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের ক্যাম্প। এএফসির টুর্নামেন্টের বাছাইয়ের জন্য ডাক পাওয়া ফুটবলারদের আজ সন্ধ্যায় গুলশানের এক হোটেলে সহকারী কোচ হাসান আল মামুনের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে।
এএফসি অনূর্ধ্ব-২৩ বাছাইয়ে বাংলাদেশ পড়েছে ভিয়েতনামের গ্রুপে, যেখানে দুই প্রতিপক্ষ সিঙ্গাপুর ও ইয়েমেন। বাছাইয়ে ১১ গ্রুপ চ্যাম্পিয়ন ও সেরা চার রানার্সআপ দল আগামী বছর সৌদি আরবে অনূর্ধ্ব-২৩ মূল টুর্নামেন্টে খেলার সুযোগ পাবে।
অনূর্ধ্ব-২৩ দল আংশিক (ক্লাবগুলোতে পাঠানো তালিকার ভিত্তিতে)
গোলরক্ষক: সাকিব আল হাসান, মো. ইমন, মো. আসিফ
ডিফেন্ডার: জাহিদ শান্ত, শাকিল আহাদ তপু, কামাকাই মারমা, আলফাজ মিয়া, রাজন হাওলাদার, জায়ান আহমেদ, মিঠু চৌধুরী (শুধু ঢাকা ক্যাম্প)
মিডফিল্ডার: আশরাফুল হক আসিফ, সাজেদ নিঝুম, মইন
ফরোয়ার্ড: আরমান আকাশ, রাজু আহমেদ জিসান, রফিকুল ইসলাম, রাব্বি হোসেন রাহুল, পিয়াস আহমদ, নোভা ও মুর্শেদ আলী (শুধু ঢাকা ক্যাম্প)
ইউডি/এআর

