আন্দোলন দমনে জড়িতদের সর্বোচ্চ শাস্তি চান অ্যাটর্নি জেনারেল
উত্তরদক্ষিণ। রবিবার, ০৩ আগস্ট, ২০২৫, আপডেট ১২:৩০
জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলন দমনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত সবার সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
রবিবার (৩ আগস্ট) ট্রাইব্যুনালে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপন শুরুর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে এমন আর্জি জানান তিনি।
এরপর শেখ হাসিনার মামলায় সূচনা বক্তব্য উপস্থাপন শুরু হয়ে চলছে। সূচনা বক্তব্য উপস্থাপন করছেন আন্তর্জাতিক অপরাধ মো. তাজুল ইসলাম। সূচনা বক্তব্যের শুরুতেই তিনি তদন্ত প্রতিবেদন দাখিলসহ বিভিন্ন বিষয় উপস্থাপন করে শুরু করেন।
রবিবার (৩ আগস্ট) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলে সূচনা বক্তব্য উপস্থাপন চলছে। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানসহ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের সদস্য ও তদন্ত সংস্থার সদস্যরা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত আছেন। আনুষ্ঠানিক সূচনা বক্তব্যে বাংলাদেশ টেলিভিশন বিটিভি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার হচ্ছে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সূচনা বক্তব্য উপস্থাপনের মাধ্যমে আনুষ্ঠানিক বিচার শুরু হচ্ছে আজ। সাক্ষ্যগ্রহণ উপলক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে জোরদার করা হয়েছে নিরাপত্তা। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। ট্রাইব্যুনালে আজ প্রথম সাক্ষীর সাক্ষ্য গ্রহণও হতে পারে।
ইউডি/কেএস

