আরও পাঁচ বছর খেলার জন্য অনুমতি পেয়েছি: ধোনি
উত্তরদক্ষিণ। রবিবার, ০৩ আগস্ট, ২০২৫, আপডেট ১২:৫৩
চেয়ারটিতে বসা, পরনে কালো আউটফিট, আর মুখে চেনা স্বভাবসুলভ রসিকতা। এভাবেই আবারও শিরোনামে মহেন্দ্র সিং ধোনি। ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে, চেন্নাই সুপার কিংসের এই তারকা ক্রিকেটার নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলছেন। মূলত প্রশ্নটা সেই পুরোনো, ধোনি আর কতদিন খেলবেন? তবে এবার তিনি যে উত্তর দিলেন, তা হালকা ঠাট্টার ছলেই হলেও খোঁচা রয়েছে বাস্তবতার দিকেও।
শনিবার (২ আগস্ট) হায়দরাবাদের ম্যাক্সিভিশন সুপার স্পেশালিটি আই হাসপাতালে এক অনুষ্ঠানে ধোনি বলেন, ‘আমি আরও পাঁচ বছর ক্রিকেট খেলার জন্য টিক চিহ্ন পেয়েছি। কিন্তু সেটা শুধু চোখের জন্য, শরীরের জন্যও অনুমতি দরকার। শুধু চোখ দিয়ে তো আর ক্রিকেট খেলতে পারব না।’
তার এই মন্তব্যে হাসির রোল উঠলেও, চেন্নাইয়ের পারফরম্যান্স ও তার সাম্প্রতিক ফর্মের প্রেক্ষাপটে কথাটি ভেবে দেখার মতো। ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও, ধোনি এখনও আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন। তবে গেল মৌসুমে তার ব্যাটিং খুব একটা আলো ছড়ায়নি ১৩ ইনিংসে করেছিলেন মাত্র ১৯৬ রান, স্ট্রাইকরেট ছিল ১৩৫.১৭। চেন্নাইও নিজেদের ইতিহাসের অন্যতম বাজে পারফরম্যান্স দেখিয়ে ১৪ ম্যাচে মাত্র ৮ পয়েন্ট অর্জন করে লিগ টেবিলের তলানিতে মৌসুম শেষ করে।
সেই মৌসুমে অধিনায়কত্বের দায়িত্ব কিছু ম্যাচে নিজেই সামলাতে হয় ধোনিকে, কারণ রুতুরাজ গাইকওয়াদ ইনজুরিতে ছিলেন। শেষদিকে দেওলাদ ব্রেভিসের কয়েকটি ঝড়ো ইনিংসের কল্যাণে দু-একটি জয় পেলেও, সামগ্রিকভাবে মৌসুমটি ছিল হতাশাজনক।
তবে আগামী আইপিএল, অর্থাৎ ২০২৬ সালের আসর নিয়ে আশাবাদী ধোনি। তার ভাষায়, ‘ব্যাটিং অর্ডার নিয়ে আমরা কিছুটা ভয়ে ছিলাম। এখন সব ঠিকঠাক। রুতু চোট পেয়েছিল, সে ফিরছে। যে দুর্বলতা এখনও আছে, সেগুলো ডিসেম্বরের মিনি অকশনে ঠিক করে নেওয়া হবে।’
ইউডি/কেএস

