হিলি বন্দরে জিরার দাম কমেছে কেজিতে ৭০ টাকা

হিলি বন্দরে জিরার দাম কমেছে কেজিতে ৭০ টাকা

উত্তরদক্ষিণ। সোমবার, ০৪ আগস্ট, ২০২৫, আপডেট ১৩:২০

দিনাজপুরের হিলি বন্দর বাজারে কমতে শুরু করেছে জিরার দাম। ৬০০ টাকার জিরা এখন দাম কমে বিক্রি হচ্ছে ৫৩০ টাকা কেজি দরে। ব্যবসায়ীরা জানান, ভারত থেকে আমদানি স্বাভাবিক থাকায় কমেছে এই মসলার দাম।

সোমবার (৪ আগস্ট) সকালে হিলি মসলা বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, তিন সপ্তাহের ব্যবধানে জিরার দাম কমেছে কেজিতে ৭০ টাকা। গত বছর এসময় জিরার কেজি ছিল ১০০০ থেকে ১১০০ টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে দাম অর্ধেকে নেমেছে। দুই বছর আগে এই বন্দর বাজারে জিরার কেজি ছিল ২৮০ থেকে ৩০০ টাকা।

হিলি মসলা বাজারে জিরা কিনতে আসা বিরামপুরের ক্রেতা শাহা আলম বলেন, “হিলি বাজারে জিরার দাম অনেক কমেছে। গত দুই মাস আগে যে জিরা ৬০০ টাকার উপরে কিনেছিলাম, আজ তা কিনলাম ৫৩০ টাকা কেজি হিসেবে। দাম কম হওয়ায় এক কেজি জিরা কিনেছি।”

নয়ন নামে অপর এক ক্রেতা বলেন, “কোরবানির ঈদ আসলেই আমাদের মসলার প্রয়োজন বেশি হয়। ঈদের আগেই হিলি মসলা বাজার থেকে মসলা কিনি। আজ জিরা কিনতে এসেছিলাম। কোরবানির ঈদে জিরা ৬১০ টাকা কেজি কিনেছিলাম। আজ সেই জিরা ৫৩০ টাকা কেজি দরে কিনলাম।”

হিলি বাজারের মসলা ব্যবসায়ী আওলাদ হোসেন শাওন বলেন, “হিলি বন্দরে প্রচুর জিরা আমদানি হয়েছে। বর্তমানেও আমদানি স্বাভাবিক রয়েছে। এখন মসলার বেচাবিক্রি একেবারে কম। সবমিলিয়ে কমে গেছে জিরার দাম। হয়তো দাম আরো কমতে পারে।”

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading