হামজার বানিয়ে দেয়া গোলে লেস্টারের জয়

হামজার বানিয়ে দেয়া গোলে লেস্টারের জয়

উত্তরদক্ষিণ। সোমবার, ০৪ আগস্ট, ২০২৫, আপডেট ১৪:৪৫

ইউরোপিয়ান ফুটবলের নতুন মৌসুম মাঠে গড়াবে আর কিছুদিন পরেই। আপাতত গ্রীষ্মকালীন দলবদল আর প্রাক মৌসুম প্রীতি ম্যাচে ব্যস্ত সময় পার করছে ক্লাবগুলো। গত মৌসুমের মাঝমাঝি লেস্টার সিটি হামজা চৌধুরীকে ধারে খেলতে পাঠিয়েছিল শেফিল্ড ইউনাইটেডে। মৌসুম শেষে লেস্টারে ফেরা হামজা এখন ক্লাবটির হয়ে প্রাক-মৌসুম প্রস্তুতিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন। নতুন মৌসুমে বাংলাদেশের এই তারকার নতুন দলে যোগ দেয়া নিয়ে গুঞ্জন শোনা গেলেও প্রাক-মৌসুম ম্যাচে একাদশে নিয়মিত জায়গা পাচ্ছেন তিনি।

গত মৌসুমে প্রিমিয়ার লিগের তলানির দিকে থাকা লেস্টার সিটি নতুন মৌসুমে খেলবে ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপে। তার আগে প্রাক মৌসুম প্রস্তুতিতে ভালোই ছন্দে আছে ফক্সরা।

গতকাল (রবিবার) প্রীতি ম্যাচে লেস্টার সিটি মুখোমুখি হয়েছিল সিরি আ’র ক্লাব ফিওরেন্টিনার। এই ম্যাচে জর্ডান আইয়ু এবং আব্দুল ফাতায়ুর গোলে ২-০ ব্যবধানে জয় পেয়েছে লেস্টার সিটি। একটি গোলে সহায়তা করে দলের জয়ে অবদান রেখেছেন হামজা চৌধুরী।

লেস্টারের ঘরের মাঠ কিং পাওয়ারে বলের দখলে সমানে সমানে পাল্লা দিয়েছে ফিওরেন্টিনা, তবে ফক্সরা আক্রমণে এগিয়ে ছিল। ১০টি শটের ৪টি লক্ষ্যে রাখে তারা। অন্যদিকে সফরকারীরা ৭টি শট নিলেও একটিও লক্ষ্যে রাখতে পারেনি।

এদিন প্রথম একাদশেই ছিলেন হামজা। বাংলাদেশের এই তারকা খেলেছেন রাইটব্যাক হিসেবে। রক্ষণের দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি দলের আক্রমণেও যথেষ্ঠ অবদান রেখেছেন তিনি।

২৯ মিনিটে আইয়ুর গোলে এগিয়ে যায় লেস্টার। এল খানুসের সহায়তায় গোলটি করেন এই ঘানাইয়ান।

৩৬ মিনিটে লেস্টারের পক্ষে দ্বিতীয় গোলটি করেন ফাতায়ু। এই গোলের পাসটা দেন হামজা। ডান প্রান্তে হামজার বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে অনেকটা দৌড়ে ফিওরেন্টিনার বেশ কয়েকজন খেলোয়াড়কে বোকা বানিয়ে দুর্দান্ত গোলটি করেন ২১ বছর বয়সী ফাতায়ু।

৭৫ মিনিটের সময় হামজাকে মাঠ থেকে তুলে নেন লেস্টারের কোচ সিফুয়েন্তেস। তার বদলে মাঠে নামেন বেন নেলসন।

আগামী ১০ আগস্ট চ্যাম্পিয়নশিপ মৌসুমের প্রথম ম্যাচ খেলতে নামবে লেস্টার সিটি। এই ম্যাচে তাদের প্রতিপক্ষ শেফিল্ড ওয়েনসডে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading