ইন্ডিয়ার ওপর শুল্ক আরও বাড়াবো: ট্রাম্প
উত্তরদক্ষিণ। সোমবার (৪ আগস্ট) ২০২৫, আপডেট ২২:৪০
রাশিয়া থেকে তেল কেনার কারণে ইন্ডিয়ার ওপর ‘উল্লেখযোগ্যভাবে’ শুল্ক বাড়ানোর কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেছেন, ‘ইন্ডিয়া কেবল বিপুল পরিমাণে রাশিয়ান তেল কিনছে না, বরং তারা ক্রয়কৃত তেলের বেশিরভাগ অংশ বড় লাভের বিনিময়ে খোলা বাজারে বিক্রি করছে। রাশিয়ান যুদ্ধযন্ত্রের হাতে ইউক্রেনের কত মানুষ মারা যাচ্ছে, তারা (ইন্ডিয়া) তাদের পরোয়া করে না।’
এসবের কারণেই ইন্ডিয়ার ওপর শুল্ক ‘উল্লেখযোগ্যভাবে’ বাড়ানো হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
তবে এই শুল্ক বা শুল্ক হার কী হবে, সে সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি তিনি।
এর আগে, গত সপ্তাহে ট্রাম্প বলেছিলেন যে তিনি ইন্ডিয়া থেকে আমদানি করা পণ্যের ওপর ২৫% শুল্ক আরোপ করবেন। তিনি আরও জানান, বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশটিকেও একটি ‘অনির্দিষ্ট জরিমানার’ সম্মুখীন হতে হবে, তবে বিস্তারিত কিছু বলেননি।
এদিকে ইন্ডিয়া সরকারের দুটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, ট্রাম্পের হুমকি সত্ত্বেও ইন্ডিয়া রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখবে।
যদিও বিষয়টির সংবেদনশীলতার কারণে সূত্রগুলো তাদের পরিচয় প্রকাশ করতে চায়নি।
ইউডি/এবি

