মানিক মিয়া অ্যাভিনিউতে ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠান শুরু

মানিক মিয়া অ্যাভিনিউতে ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠান শুরু

উত্তরদক্ষিণ। মঙ্গলবার (৫ আগস্ট) ২০২৫, আপডেট ১৫:৫৫

জুলাই শহীদদের স্মরণে আয়োজিত রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে শুরু হয়েছে দিনব্যাপী ‘জুলাই পুনর্জাগরণ’ সাংস্কৃতিক অনুষ্ঠান।

মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর ১২টায় ‘সাইমুম শিল্পীগোষ্ঠী’র শিল্পীদের পরিবেশনার মাধ্যমে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

তারা একে একে পরিবেশন করেন ‘এই দেশ আমার বাংলাদেশ’, ‘আয় তারুণ্য আয়’, ‘জীবনের গল্প’, ‘ওমা আর কেঁদো না’, ‘যাঁদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ’, ‘জারিগান’সহ ইসলামিক সংগীত।

এরপর ‘কলরব শিল্পীগোষ্ঠী’ পরিবেশন করে ‘তোমার কুদরতি পায়ে’, ‘দে দে পাল তুলে দে’, ‘ধন ধান্য পুষ্পভরা’, ‘ইঞ্চি ইঞ্চি মাটি’ ও ‘দিল্লি না ঢাকা’।

কণ্ঠশিল্পী নাহিদ পরিবেশন করেন ‘পলাশীর প্রান্তর’ ও ‘৩৬ জুলাই’ গানসমূহ। এরপর ‘নোঙর তোল তোল’, ‘তুমি প্রিয় কবিতা’, ‘কারার ঐ লৌহ কপাট’, ‘চল চল’ ও ‘ধনধান্য পুষ্প ভরা’ গানগুলো পরিবেশন করেন কণ্ঠশিল্পী তাশফি। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জুলহাজ্জ জুবায়ের ও সারা আলম।

এতে সংগীত পরিবেশন করবেন ‘চিটাগাং হিপহপ হুড’, র‍্যাপার সেজান, ব্যান্ডদল শূন্য, কণ্ঠশিল্পী সায়ান, কণ্ঠশিল্পী ইথুন বাবু ও মৌসুমি, ব্যান্ডদল সোলস, ওয়ারফেজ, বেসিক গিটার লার্নিং স্কুল, ভিন্ন জাতিগোষ্ঠীর ব্যান্ডদল এফ মাইনর, কণ্ঠশিল্পী পারশা মাহজাবিন, কণ্ঠশিল্পী এলিটা করিম।

দুপুর ২টা ২৫ মিনিটে বেলুন উড়িয়ে শেখ হাসিনার ইন্ডিয়ায় চলে যাওয়ার মুহূর্ত উদযাপন করা হয়। বিকেল ৫টায় ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে। ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস।

সন্ধ্যা ৭টা ৩০ মিনিট থেকে ৮টা পর্যন্ত আয়োজন করা হবে স্পেশাল ড্রোন ড্রামা শো “ডু ইউ মিস মি?”। ড্রামাটি লিখেছেন ‘দ্য অ্যানোনিমাস’।

বাংলাদেশ সরকার এবং চীন সরকার কর্তৃক যৌথভাবে এই ‘ড্রোন শো’-তে প্রায় ২০০০ ড্রোন উড্ডয়নের মাধ্যমে জুলাইয়ের গল্প তুলে ধরা হবে। জুলাইয়ে ঢাকাসহ সারাদেশের ছাত্র-জনতা স্রোতের মতো বেরিয়ে এসে আন্দোলনে নতুন প্রাণের সঞ্চার ঘটায় এবং চূড়ান্ত বিজয় অর্জন করেন। সেই মুহূর্ত ও স্লোগান এবং গ্রাফিতি প্রদর্শন করা হবে ‘ড্রোন শো’ এর মাধ্যমে। সবশেষে মঞ্চে আসবে ব্যান্ডদল ‘আর্টসেল’।

এই আয়োজনে সব শ্রেণি-পেশার মানুষ অংশ নিতে পারবেন জানিয়ে আয়োজকরা বলছেন, ‘এটি শুধু সাংস্কৃতিক উৎসব নয়, বরং একটি প্রজন্মের চেতনাগত পুনর্জন্মের প্রতীক।’

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading