সব খেলোয়াড়ের প্রথম অগ্রাধিকার জাতীয় দল: সোহান
উত্তরদক্ষিণ। বুধবার, ০৬ আগস্ট, ২০২৫, আপডেট ১৭:৩০
গত জুলাইয়ে নুরুল হাসান সোহান যখন ওয়েস্ট ইন্ডিজে গ্লোবাল সুপার লিগ খেলতে ব্যস্ত, তখন বাংলাদেশ টি-২০ সিরিজ খেলছিল শ্রীলঙ্কার মাটিতে। এই সিরিজের জন্য সোহান জাতীয় দলের ক্যাম্পে ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত মূল দলে জায়গা হয়নি।
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের স্কোয়াডে জায়গা না হওয়ায় অনেকেই ভেবেছিলেন সোহান বোধহয় রংপুর রাইডার্সের হয়ে গ্লোবাল সুপার লিগে খেলাকে অগ্রাধিকার দিয়েছেন। সোহান নিজেও এমন কথা কোথাও কোথাও শুনেছেন। এটাকে ভুল আখ্যা দিয়েছেন তিনি। সোহান বলেছেন, অন্যদের মতো সব সময় তারও প্রথম অগ্রাধিকারে জাতীয় দল।
সোহানের নেতৃত্বে অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-২০ সিরিজ খেলতে আগামীকাল দেশ ছাড়বে বাংলাদেশ ‘এ’ দল। তার আগে আজ সংবাদ সম্মেলনে সোহান বলেছেন, ‘আমি একটা কথা ক্লিয়ার করতে চাই। গ্লোবাল টি-২০ আমার প্রায়োরিটিতে ছিল না। গ্লোবাল টি-টোয়েন্টির জন্য জাতীয় দলে ছিলাম না, বিষয়টা এমন না। চট্টগ্রামে ক্যাম্প করেছি, সিরিজ থেকে বাদ পড়ার পর গ্লোবাল টি-টোয়েন্টিতে খেলার সিদ্ধান্ত নিই।’
বাসায় বসে থাকার চেয়ে গ্লোবাল টি-টোয়েন্টিতে খেলা ভালো মনে করেন সোহান। তিনি বলেন, ‘ফাঁকা ছিলাম, বাসায় বসে থাকার চেয়ে গ্লোবাল টি-টোয়েন্টিতে খেলা ভালো, সে জন্য তখন এটা নিয়ে চিন্তা করেছি। অনেক সময় আমি এরকম কথা (গ্লোবাল টি-২০ লিগের জন্য জাতীয় দলে নেই) শুনেছি। কিন্তু এটা নিয়ে আমার কারো সঙ্গে কথা হয়নি; না নির্বাচক, না টিম ম্যানেজমেন্ট, না রংপুর রাইডার্স ম্যানেজমেন্ট… প্রতিটা প্লেয়ারেরই প্রথম প্রায়োরিটি জাতীয় দল হবে।’
প্রথম আসরের শিরোপা জেতা রংপুর সোহানের নেতৃত্বে এবারও ফাইনালে উঠেছিল। কিন্তু শিরোপা ধরে রাখতে পারেনি তারা, গায়ানা অ্যামাজনের কাছে ফাইনাল হারে ৩২ রানের ব্যবধানে।
ইউডি/এআর

