আবারও ওড়ার পর বিমানের বোয়িংয়ে ত্রুটি, ২০ দিনে পঞ্চমবার

আবারও ওড়ার পর বিমানের বোয়িংয়ে ত্রুটি, ২০ দিনে পঞ্চমবার

উত্তরদক্ষিণ। বুধবার (৬ আগস্ট) ২০২৫, আপডেট ২৩:৫৯

ঢাকা থেকে ওড়ার এক ঘণ্টা পর মিয়ানমারের আকাশ থেকে ফিরে এসেছে ব্যাংককগামী বিমানের একটি বোয়িং ৭৩৭ উড়োজাহাজ।

এ নিয়ে গত ২০ দিনে পঞ্চমবারের মত গোলযোগে পড়ল বিমানের বহরে থাকা বোয়িং।

বুধবার (৬ আগস্ট) দুপুর ১২টা ৬ মিনিটে ১৪৬ জন যাত্রী নিয়ে ঢাকা থেকে থাইল্যান্ডের ব্যাংককের উদ্দেশ্যে ছেড়ে যায় বিমানের ফ্লাইট বিজি-৩৮৮। কিছুক্ষণ পর ইঞ্জিনে অতিরিক্ত কম্পন হচ্ছে বুঝতে পেরে পাইলট মিয়ানমারের আকাশ থেকে আবার ঢাকায় ফিরে আসেন।

বিমান বলছে, তাদের প্রকৌশলীরা বোয়িং ৭৩৭-৮০০ সিরিজের উড়োজাহাজটির ইঞ্জিনে সমস্যা খতিয়ে দেখছে।

সম্প্রতি বিমানের নিজস্ব হ্যাঙ্গারে ২৪ বছরের পুরনো বোয়িং উড়োজাহাজটির ‘হেভি মেনটেইন্যান্স চেক’ সম্পন্ন হয়েছে। এরপর কয়েক দিন উড়োজাহাজটি অভ্যন্তরীণ রুটে চলেছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের ব্যবস্থাপক আল মাসুদ খান বলছেন, ব্যাংককের পথে উড়াল দিয়ে উড়োজাহাজটি এক ঘণ্টা উড়ে ঢাকায় ফিরে আসে।

“কী সমস্যা হয়েছে, তা প্রকৌশল বিভাগ তদন্ত করে জানাবে। ফিরিয়ে আনা যাত্রীদের আজ সন্ধ্যা ৬টায় অন্য একটি বোয়িং ৭৭৭ উড়োজাহাজে ব্যাংকক পাঠানো হয়েছে।”

সরকারের পক্ষ থেকে যখন বিমানের জন্য ২৫টি বোয়িং উড়োজাহাজ কেনার কথা হচ্ছে, তখন একের পর এক জটিলতায় পড়ছে বিমানের বহরে থাকা বোয়িংগুলো।

বিমানের বহরের এখন ২১টি এয়ারক্রাফটের মধ্যে ১৬টি বোয়িং। এর মধ্যে ছয়টি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার, চারটি বোয়িং ৭৭৭-৩০০ ইআর আর ছয়টি ন্যারোবডির বোয়িং ৭৩৭ উড়োজাহাজ রয়েছে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading