বার্সা কোচকে এক ম্যাচ নিষিদ্ধ করলো উয়েফা
উত্তরদক্ষিণ। শনিবার, ০৯ আগস্ট, ২০২৫, আপডেট ১১:৪৫
অসদাচরণের অভিযোগে উয়েফা ক্লাব প্রতিযোগিতায় এক ম্যাচের জন্য নিষিদ্ধ হলেন বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক ও তার সহকারী মার্কাস সর্গ। ২০ হাজার ইউরো জরিমানাও গুনতে হচ্ছে দুজনকেই। শুক্রবার ইউরোপিয়ান ফুটবল সংস্থার ডিসিপ্লিনারি কমিটি এই খবর জানিয়েছে।
গত মে মাসে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে ইন্টার মিলানের কাছে ৪-৩ গোলে হারার ম্যাচে রেফারির কয়েকটি সিদ্ধান্তে ক্ষুব্ধ ছিলেন ফ্লিক।
এই শাস্তি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। পরবর্তী চ্যাম্পিয়ন্স লিগে বার্সার ডাগআউটে থাকতে পারবেন না দুজনের কেউই।
আরেকটি ভিন্ন সিদ্ধান্তে উয়েফা জরিমানা করেছে বার্সার ফরোয়ার্ড লামিনে ইয়ামাল ও রবার্ট লেভানডোভস্কিকে। অ্যান্টি ডোপিং কর্মকর্তার নির্দেশাবলী মানেননি তারা। দুজনকেই ৫ হাজার ইউরো করে জরিমানা গুনতে হবে।
একই ম্যাচে দর্শকরা বিভিন্ন বস্তু নিক্ষেপ করায় বার্সাকে ৫২৫০ ইউরো এবং আতশবাজি জ্বালানোয় আড়াই হাজার ইউরো জরিমানা করা হয়েছে। জনসাধারণের চলার পথে বাধা সৃষ্টি করায় ইন্টারকে ২২ হাজার ইউরো এবং আতশবাজি জ্বালানোয় ১১৫০০ ইউরো জরিমানা করেছে উয়েফা।
ইউডি/কেএস

