ছাত্রসংগঠনগুলোর একসঙ্গে বসে বোঝাপড়া করা উচিত: আসিফ মাহমুদ

ছাত্রসংগঠনগুলোর একসঙ্গে বসে বোঝাপড়া করা উচিত: আসিফ মাহমুদ

উত্তরদক্ষিণ। শনিবার (৯ আগস্ট) ২০২৫, আপডেট ২৩:৩০

যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ৫ আগস্টের পর সব জায়গায় সংস্কার হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংগঠনগুলো একসঙ্গে বসে নিজেদের মধ্যে বোঝাপড়া ঠিক করতে পারলে হল রাজনীতি বন্ধের মতো এই পরিস্থিতির উদ্ভব হতো না।

শনিবার (৯ আগস্ট) বিকেলে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে একটি প্রীতি ক্রিকেট ম্যাচে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা আসিফ বলেন, ছাত্রসংগঠনগুলোর আরেকটু ম্যাচিওর হওয়ার সুযোগ ছিল। ছাত্র সংগঠনগুলো একসঙ্গে বসে, শিক্ষার্থীবান্ধব রূপরেখা ও বোঝাপড়া তৈরি করা উচিত। তবে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে রাজনীতি বন্ধ করার যে সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিয়েছে সে বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এই উপদেষ্টা বলেন, বিসিবির একটি দল রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম সংস্কারের জন্য পরিদর্শন করে গেছেন। দ্রুতই সংস্কার শুরু হবে। সংস্কার শেষে রাজশাহী স্টেডিয়ামে এবারের বিপিএলের কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হবে।

এ সময় স্টেডিয়ামে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদসহ জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা ও রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার কর্মকর্তা ও কর্মচারীরা। এর আগে রাজশাহী জেলা ক্রিকেট দলের খেলোয়ারদের মধ্যে একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।

শনিবার সকালে রাজশাহী সার্কিট হাউসে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ৩৫ কোটি টাকার ১২টি প্রকল্পের উদ্বোধন করেছেন। রাজশাহীর স্থানীয় সরকার বিভাগের আওতাধীন প্রকল্পের এই কাজগুলো তিনি ভার্চুয়ালি উদ্বোধন করেন।

প্রকল্পগুলোর মধ্যে রয়েছে- রাজশাহী সিটি কর্পোরেশন বাস্তবায়িত রাজশাহী কেন্দ্রীয় ঈদগাহ নির্মাণ, হড়গ্রাম নতুনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোদাগাড়ী, তানোর, বাগমারা, পবা, মোহনপুর ও চারঘাট উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ, ব্রিজ ও কালভার্ট নির্মাণ, মার্কেট ও হাটবাজার ভবন নির্মাণ, পানি অপসারণ প্রকল্পসহ অন্যান্য অবকাঠামো নির্মাণ।

এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টার একান্ত সচিব আবুল হাসান, সহকারী একান্ত সচিব আয়মন হাসান রাহাত, রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এনডিসি, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু সুফিয়ান, জেলা প্রশাসক আফিয়া আখতার, জেলা পুলিশ সুপার ফারজানা ইসলাম।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading