নিলামে ৮৩ মিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক

নিলামে ৮৩ মিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক

উত্তরদক্ষিণ। সোমবার, ১১ আগস্ট, ২০২৫, আপডেট ০৯:০০

দেশের ব্যাংকগুলোতে ডলার সরবরাহ বেড়েছে। বিপরীত দিকে চাহিদা কমেছে। ফলে ডলারের দাম কিছুটা কমে গেছে। এমন পরিস্থিতিতে বাজার স্থিতিশীল রাখতে রবিবার (১০ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংক ১১টি ব্যাংক থেকে নিলামে ৮৩ মিলিয়ন ডলার কিনেছে। বৈদেশিক মুদ্রা নিলাম কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এই ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জানান, বাজারে ডলারের চাহিদা কমে যাওয়ায় দর কমতে শুরু করে। এ জন্য রপ্তানিকারক ও প্রবাসীদের আয়ের কথা চিন্তা করে বাংলাদেশ ব্যাংক নিলামে ডলার কিনেছে। যা বাংলাদেশ ব্যাংকের নিয়মিত কাজের অংশ। ডলারের বাজার স্থিতিশীল রাখতে মাঝে-মধ্যে ডলার কেনাবেচা করা হয়।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ব্যাংকগুলো থেকে মাল্টিপল অকশন পদ্ধতিতে ৮৩ মিলিয়ন ডলার কেনা হয়েছে। নিলামের বিনিময় হার ছিল ১২১ টাকা ৪৭ পয়সা থেকে ১২১ টাকা ৫০ পয়সা পর্যন্ত। নিলামের কাট অফ প্রাইস ধরা হয়েছে ১২১ টাকা ৫০ পয়সা। আর এই কাট অফ প্রাইসেই ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক নিলামে ডলার কেনার ফলে বাজারে তারল্য বাড়ছে, আর রিজার্ভে যোগ হচ্ছে নিলামে কেনা ডলার।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলেন, ‘‘দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) ও রপ্তানি আয়ের প্রবাহ বাড়ায় ডলারের বাজারে স্থিতিশীলতা এসেছে। দেশের ব্যাংকগুলোতে ডলারের সরবরাহ বেড়েছে, চাহিদা কমেছে। এ কারণে ডলারের দাম কিছুটা কমে গেছে। আর ডলারের দাম আরো কমে গেলে রপ্তানিকারকরা একদিকে সমস্যায় পড়বে, অপরদিকে রেমিট্যান্স আয় বৈধ পথে আসা কমে যাবে। এমন পরিস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংক ডলার কেনার সিদ্ধান্ত নেয়। যা খুবই যুগোপযোগী সিদ্ধান্ত। তাতে ডলারের বাজার স্থিতিশীল থাকবে ও চাহিদার ভারসাম্য রক্ষা করা সম্ভব হবে বলে।’’

গত ১৫ মে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর সঙ্গে আলোচনার পর ডলারের বিনিময় মূল্য নির্ধারণে নতুন পদ্ধতি চালু করে বাংলাদেশ ব্যাংক। তখন থেকে ব্যাংক ও গ্রাহক নিজেরাই ডলারের দর নির্ধারণ করছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading