জামালপুরে সম্মেলন বন্ধের দাবি বিএনপির একাংশের
উত্তরদক্ষিণ। রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, আপডেট ১৮:৫০
দীর্ঘ ৯ বছর পর আগামী ২৩ আগস্ট জামালপুর জেলা বিএনপির সম্মেলন বন্ধের দাবিতে বিএনপি ও সব অঙ্গ সংগঠনের ব্যানারে মানববন্ধন করেছে দলের একাংশের নেতাকর্মীরা।
রবিবার (১৭ আগস্ট) দুপুর ১২ টায় শহরের সকাল বাজার এলাকায় এ মানবন্ধন পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বিএনপির জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহম্মেদ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহাবুবুর রহমান জিলানী, যুবদল নেতা রানা ম্যানশন।
বক্তারা বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী তৃণমূলকে গুরুত্ব দিয়ে আহ্বায়ক কমিটি অথবা সম্মেলন প্রস্তুতি কমিটির মাধ্যমে সম্মেলন করতে হবে। বর্তমান জেলা বিএনপির মেয়াদ উত্তীর্ণ কমিটির মাধ্যমে কোনো সম্মেলন মানি না মানব না।’
বক্তারা অবিলম্বে আগামী ২৩ আগস্ট সম্মেলন বন্ধের দাবি জানান।
এরপর আগামী ২৩ আগস্ট জামালপুর জেলা বিএনপির সম্মেলন হবার কথা রয়েছে। সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথির বক্তব্য রাখবেন।
সবশেষ ২০১৬ সালে শহরের সিংহজানী উচ্চ বালক বিদ্যালয় মাঠে জামালপুর জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সেখানে জেলা বিএনপির কমিটিতে ফরিদুল কবীর তালুকদার শামীম সভাপতি এবং অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুনকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আগমগীর।
ইউডি/এআর

