বিশ্বকাপে ‘ভিনগ্রহে’র মেসির জাদু চাইছেন বন্ধু মারিয়া

বিশ্বকাপে ‘ভিনগ্রহে’র মেসির জাদু চাইছেন বন্ধু মারিয়া

উত্তরদক্ষিণ। মঙ্গলবার (১৯ আগস্ট) ২০২৫, আপডেট ১১:৩০

ফুটবল ইতিহাসে সবসময়ই কিছু নাম আলাদা করে আলো ফেলে। লিওনেল মেসি সেই আলোকিত নামগুলোর অন্যতম। যদিও আর্জেন্টিনার প্রাক্তন সতীর্থ আনহেল ডি মারিয়া আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিয়েছেন, তার মন এখনো মেসির প্রতি নিবেদিত। ২০২৬ সালের বিশ্বকাপে লিওনেল মেসির খেলার সম্ভাবনা এখনো অনিশ্চিত, কিন্তু ডি মারিয়ার একটাই দাবি-প্রিয় বন্ধু যেন মাঠে নামেন এবং দেন আর্জেন্টিনাকে নেতৃত্ব।

আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিয়েছেন আনহেল ডি মারিয়া। কিন্তু জাতীয় দলে প্রিয় বন্ধু ও সতীর্থ লিওনেল মেসিকে এখনই বিদায় নিতে দেখতে চান না তিনি। বরং ২০২৬ বিশ্বকাপে আবারও আর্জেন্টিনার জার্সিতে মেসিকে দেখতে চান সাবেক এই তারকা।

ডি মারিয়া বলছিলেন, ‘মেসির অবশ্যই খেলা উচিত। সে কেমন ফর্মে থাকবে বা তখন তার শারীরিক অবস্থা কেমন হবে-তা খুব বড় বিষয় নয়। মেসির উপস্থিতিই আর্জেন্টিনার শক্তি। দলের অন্য ফুটবলারদেরও আত্মবিশ্বাসী করে তুলতে পারে সে। মারাডোনার সময় যেমনটা হতো, মেসির ক্ষেত্রেও ঠিক তাই।’

৩৬ বছর বয়সী এই ফুটবলার আরও যোগ করেন, ‘মেসি ভিনগ্রহের প্রাণী। ওর খেলা, ওর আচরণ, সবকিছুই আলাদা। আমরা চাই, যতদিন সম্ভব মেসিকে উপভোগ করতে। আমি নিজেও এখন ইন্টার মায়ামির খেলা দেখি কেবল মেসির জন্যই। আগে মেজর লিগ সকারের কোনো ম্যাচ দেখতাম না, অথচ এখন আমার কাছে সিজন টিকিট রয়েছে।’

২০০৮ সালের বেইজিং অলিম্পিক থেকে শুরু করে ২০২২ কাতার বিশ্বকাপ পর্যন্ত প্রায় দেড় যুগ আর্জেন্টিনার সাফল্যের বড় অংশ জুড়েই ছিলেন মেসি-ডি মারিয়া জুটি। অলিম্পিক স্বর্ণ, একাধিক কোপা আমেরিকা শিরোপা এবং বিশ্বকাপ জয়-প্রতিটি অর্জনের সাক্ষী দু’জনই। মাঠের ভেতরে যেমন বোঝাপড়া, মাঠের বাইরেও তেমনি ঘনিষ্ঠ বন্ধুত্ব তাদের সম্পর্ককে করেছে আরও অনন্য।

ডি মারিয়া যদিও আর খেলছেন না, কিন্তু তার চোখে মেসি এখনো সেই ভরসার নাম। তাই তার একটাই চাওয়া-৩৮ বছর বয়সী মেসিকে যেন আবারও বিশ্বকাপে নেতৃত্ব দিতে দেখা যায়, আর্জেন্টিনার জার্সিতে শেষ নাচটা উপহার দেন ফুটবল সম্রাট!

ইউডি/রেজা

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading