ব্রিটজকের বিশ্ব রেকর্ড
উত্তরদক্ষিণ। শুক্রবার , ২২ আগস্ট, ২০২৫, আপডেট ১৫:৩৫
দক্ষিণ আফ্রিকার তরুণ ব্যাটার ম্যাথিউ ব্রিটজকের ওয়ানডে ক্রিকেটে ক্যারিয়ারটা দারুণভাবে শুরু হয়েছিল চলতি বছরের শুরুতে। সেটা এখনও ধরে রেখেছেন তিনি। একের পর এক বোলারদের পিটিয়ে ছাতু বানিয়ে চলেছেন। চলতি অস্ট্রেলিয়া সিরিজেও সে ছন্দটা ধরে রেখেছেন। শুক্রবার অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে তিনি খেললেন ৮৮ রানের ইনিংস। সেঞ্চুরি না পেলেও বিশ্বরেকর্ড ঠিকই গড়ে ফেলেছেন ৪ ওয়ানডে খেলা এই ব্যাটার।
জশ হ্যাজলউড, জেভিয়ার বার্টলেট, অ্যারন হার্ডি, নাথান এলিস ও অ্যাডাম জাম্পার মতো বোলারদের সামলিয়ে ৭৮ বলে ৮৮ রান করেন এই ডানহাতি ওপেনার। তার ইনিংসে ছিল আটটি চার ও দুটি ছক্কা। নাথান এলিসের একটি বাউন্সার তিনি ডিপ স্কয়ার লেগ দিয়ে সীমানাছাড়া করতে চেয়েছিলেন, তবে সেটা শেষমেশ অ্যালেক্স ক্যারির হাতে জমা পড়ে।
এই ইনিংস তো আছেই, ব্রিটজকে তার ক্যারিয়ারের শুরু থেকে এই পর্যন্ত খেলেছেন ৪ ম্যাচ, ফিফটি করেছেন প্রতি ম্যাচেই। ওয়ানডে ক্রিকেটের ৫৪ বছরের ইতিহাসে এই কীর্তি নেই আর কোনো ক্রিকেটারের, তাতেই তিনি গড়ে ফেলেছেন বিশ্বরেকর্ডটা।
চার ম্যাচে ফিফটির কীর্তি না থাকলেও টানা ৪ অভিষেক ইনিংসে ফিফটির রেকর্ড আছে ভারতের সাবেক ব্যাটার নবজোত সিং সিধুর। প্রথম দুই ম্যাচে ফিফটির পর তৃতীয় ম্যাচে তার মাঠে আসার আগেই জয় তুলে নেয় ভারত। পরের দুই ম্যাচে আবার তিনি ফিফটির দেখা পান। সেই দিক থেকে ব্রিটজকের এই ইনিংস তাকে দাঁড় করিয়েছে নভজোতের পাশে।
ডানহাতি এই ব্যাটারের অভিষেকটাও ছিল রেকর্ডে ভরা। প্রথম ওয়ানডেতেই করেছিলেন ১৫০ রান, যা অভিষেক ম্যাচে কোনো ব্যাটারের সর্বোচ্চ স্কোর। এর আগে রেকর্ডটি ছিল ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ডেসমন্ড হেইন্সের দখলে, যিনি ১৯৭৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে করেছিলেন ১৪৮।
প্রথম ম্যাচের পর দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডেতেও ব্রিটজকে করেছিলেন যথাক্রমে ৮৩ ও ৫৭ রান। চতুর্থ ওয়ানডেতে এল তার ৮৮ রানের ঝলক।
যদি তিনি আরও ১২ রান করতে পারতেন, তবে চার ইনিংসে দুটি সেঞ্চুরির রেকর্ডে দক্ষিণ আফ্রিকার কলিন ইংগ্রামের পাশে নাম লিখিয়ে ফেলতেন। সে নিয়ে খানিকটা আফসোস তার থেকে যেতে পারে বৈকি!
ইউডি/এআর

