হিলি বন্দরে কেজিপ্রতি ৭০ টাকা কমেছে কাঁচা মরিচের দাম

হিলি বন্দরে কেজিপ্রতি ৭০ টাকা কমেছে কাঁচা মরিচের দাম

উত্তরদক্ষিণ। রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, আপডেট ১৪:৪৫

একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরের পাইকারী বাজারে কেজিপ্রতি ৭০ টাকা কমেছে আমদানিকৃত কাঁচামরিচের দাম।

বর্তমানে হিলি স্থলবন্দরের পাইকারী মোকামে ৭০ টাকা কমে ১১০ টাকা কেজি দরে কাঁচামরিচ বিক্রি হচ্ছে। যা গত ২০ ও ২১ আগস্ট ১৭০ থেকে ১৮০ টাকা কেজি দরে বিক্রি হয়। বন্দরে আমদানি বৃদ্ধির কারণে কমতে শুরু করেছে দাম বলছেন ব্যবসায়ীরা।

রবিবার (২৪ আগস্ট) সকালে হিলি স্থলবন্দরের পাইকারী মোকামে খোঁজ নিয়ে এসব তথ্য পাওয়া যায়।

হিলি স্থলবন্দরের আমদানিকারকের প্রতিনিধি শাহাবুল ইসলাম বলেন, ভারতের বিভিন্ন রাজ্য থেকে কাঁচামরিচ আমদানি করা হচ্ছে। বৈরী আবহাওয়ার কারণে গাড়িতে ত্রিপল দিয়ে বেঁধে রাখতে হচ্ছে। এই দীর্ঘ সময় ত্রিপল দিয়ে বেঁধে রাখার কারণে অনেক কাঁচামরিচ পঁচে নষ্ট হচ্ছে। এর কারণে কম দামে বিক্রি করতে হচ্ছে বলে জানান এই ব্যবসায়ী।

হিলির কাঁচা বাজারের ব্যবসায়ী বিপ্লব শেখ বলেন, ভারত থেকে আমদানিকৃত কাঁচামরিচ কেজি প্রতি ৫০ টাকা কমে খুচরা বাজারে ১৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। যা গত দুই দিন আগেও ২০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছিলো। আমরা কম দামে কিনে কম দামে বিক্রি করছি। তবে আগের থেকে ক্রেতা অনেক কম।

হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা জামান বাঁধন বলেন, চলতি মাসে ১৫৯ টি ট্রাকে ১ হাজার ৩০৮ মেট্রিকটন কাঁচামরিচ আমদানি হয়েছে এই বন্দর দিয়ে। ভারত থেকে এসব কাঁচামরিচ ৫০০ মার্কিন ডলারে আমদানি হচ্ছে। প্রতি কেজিতে ৩৭ টাকা শুল্ক দিয়ে খালাস করছেন ব্যবসায়ীরা। কাঁচা পণ্য হওয়াতে সব ধরনের সহযোগীতা পূর্বক দ্রুত খালাস করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতে সহযোগিতা করা হচ্ছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading