ডাকসু নির্বাচনে নারী ভোটারের ছবির সীমিত প্রদর্শন চেয়ে রিট

ডাকসু নির্বাচনে নারী ভোটারের ছবির সীমিত প্রদর্শন চেয়ে রিট

উত্তরদক্ষিণ। রবিবার (২৪ আগস্ট) ২০২৫, আপডেট ২২:৩০

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটার তালিকায় থাকা নারী শিক্ষার্থীদের ছবি ও ব্যক্তিগত তথ্য সীমিত আকারে প্রদর্শন করার নির্দেশনা চেয়ে রিট আবেদন করেছেন চার শিক্ষার্থী।

রবিবার (২৪ আগস্ট) হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসব শিক্ষার্থী এ রিট আবেদন করেন বলে তাদের আইনজীবী মো. ফয়জুল্লাহ জানান।

রিটকারীরা হলেন সাবিকুন্নাহার তামান্না, মো. জাকারিয়া, ফাতেমা তাসনিম ঝুমা ও রিফাত রেদোয়ান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তাকে এতে বিবাদী করা হয়েছে।

আইনজীবী ফয়জুল্লাহ বলেন, বিশ্ববিদ্যালয়ের ভোটার তালিকায় প্রকাশিত নারী শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি বাদ দিতে উপাচার্যের কাছে চিঠি দেন শিক্ষার্থীরা। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করায় রিট আবেদনটি করা হয়।

উপাচার্য বরাবর দেওয়া ওই চিঠিতে বলা হয়, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ভোটার তালিকায় নারী শিক্ষার্থীদের ছবি প্রকাশ করা হয়েছে, যা ব্যক্তিগত গোপনীয়তার গুরুতর লঙ্ঘন। ছবি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য, যা শিক্ষার্থীর অনুমতি ছাড়া প্রকাশ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ কারণে অনেক শিক্ষার্থী ইতোমধ্যে ’মানসিক অস্বস্তি ও বুলিংয়ের’ শিকার হচ্ছেন। বিশেষ করে ধর্মপ্রাণ শিক্ষার্থীদের জন্য এটি ছিল অত্যন্ত বিব্রতকর ও বিভ্রান্তিকর।

চিঠিতে বলা হয়, শিক্ষার্থীদের কাছ থেকে সংগ্রহ করা এই সংবেদনশীল তথ্যগুলো সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা তাদের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। অথচ এত গুরুত্বপূর্ণ বিষয় প্রশাসনের নজরে আসেনি, যা অত্যন্ত দুঃখজনক। এজন্য সংশ্লিষ্ট দায়িত্বশীলদের জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন।

এজন্য তারা দ্রুততম সময়ে নারী শিক্ষার্থীদের ছবি সম্বলিত ভোটার তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে সরিয়ে নেওয়ার আবেদন করেন।

একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ব্যক্তিগত তথ্য প্রকাশ না করে বিকল্প হিসেবে শিক্ষার্থী পরিষেবার মত রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে তথ্য দেখার একটি নিরাপদ ব্যবস্থা চালু করার দাবি জানিয়েছেন তারা।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading