দূষণ বাড়লেও ঢাকার বাতাস আজ সহনীয়
উত্তরদক্ষিণ। সোমবার , ২৫ আগস্ট, ২০২৫, আপডেট ১২:৩০
ঢাকা শহরে বাতাসের দূষণ বেড়েছে। গতকাল রবিবার (২৪ আগস্ট) বিশ্বে দূষিত বাতাসের শহরের তালিকায় ঢাকার অবস্থান ছিল ৩৭ তম, আজ সোমবার (২৫ আগস্ট) ঢাকা ১০ স্থানে অবস্থান করছে।
বায়ুমান নিয়ে কাজ করা সুইস প্রতিষ্ঠান আইকিউএয়ারের রেকর্ড থেকে এ তথ্য জানা গেছে। আইকিউএয়ারের সোমবার সকাল ৯টার রেকর্ড অনুযায়ী ঢাকার বায়ুমান ৯৭, যা সহনীয় বাতাসের নির্দেশক।
আজ বায়ুদূষণের তালিকায় শীর্ষে আছে ইন্দোনেশিয়ার জাকার্তা। শহরটির বায়ুমান ১৭৭, যা সবার জন্য অস্বাস্থ্যকর বাতাসের নির্দেশক। শীর্ষ পাঁচে থাকা অন্য শহরগুলো হলো- ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর কিনশাসা, আজারবাইজানের বাকু, সৌদি আরবের রিয়াদ ও মিশরের কায়রো। শহরগুলোর বায়ুমান যথাক্রমে ১৭২, ১৬০, ১৩৭ ও ১২৩।
বাতাসের গুণমান সূচকের (একিউআই) মাধ্যমে দূষণের মাত্রা নির্ধারণ করে নিয়মিত বায়ু পরিস্থিতি তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। তাদের তালিকার প্রতিবেদনে বলা হয়েছে- ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণাই দূষণের প্রধান উৎস। বেশি মাত্রার দূষণ শ্বাসতন্ত্রের রোগ, হৃদ্রোগ এবং দীর্ঘ মেয়াদে ক্যানসারের মতো মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক ৫০-এর নিচে থাকলে বিশুদ্ধ বাতাস ধরা হয়। ৫১-১০০ হলে তা সহনীয়। ১০১-১৫০ এর মধ্যে হলে সতর্কতামূলক বা সংবেদনশীল মানুষের (শিশু ও বয়স্ক ব্যক্তি) জন্য অস্বাস্থ্যকর। ১৫১-২০০ হলে সবার জন্য অস্বাস্থ্যকর এবং সূচক ২০১ থেকে ৩০০ হলে বাতাসকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। আর সূচক ৩০০ ছাড়ালে সেই বাতাস দুর্যোগপূর্ণ।

