দেড় হাজার কিলোমিটার মহাসড়ক খারাপ অবস্থায় আছে: ফাওজুল কবির

দেড় হাজার কিলোমিটার মহাসড়ক খারাপ অবস্থায় আছে: ফাওজুল কবির

উত্তরদক্ষিণ। সোমবার , ২৫ আগস্ট, ২০২৫, আপডেট ১৪:৪৫

দেশের দেড় হাজার কিলোমিটার মহাসড়ক খারাপ অবস্থায় আছে জানিয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, বর্ষা শেষ হলে রাস্তা সংস্কার শুরু হবে। গুরুত্ব অনুযায়ী করা হবে মেরামতের কাজ।

সোমবার (২৫ আগস্ট) মহাসড়কগুলোর সার্বিক পরিস্থিতি নিয়ে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, সারা দেশে দেড় হাজার কিলোমিটার মহাসড়ক খারাপ অবস্থায় আছে। গুরুত্ব অনুযায়ী এগুলোর মেরামত কাজ করা হবে।

‘জমি অধিগ্রহণ ও সেবাখাত সংশ্লিষ্ট কিছু সমস্যার কারণে ঢাকা-সিলেট মহাসড়কের কাজে দেরি হচ্ছে। ঝিনাইদহ-ঢাকা রাস্তায়ও এ রকম সমস্যা আছে’, যোগ করেন তিনি।

ফাওজুল কবির খান বলেন, রাস্তার কারণে জনসাধারণকে অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে– এজন্য দুঃখ প্রকাশ করছি। বর্ষা শেষ হলে রাস্তা সংস্কার শুরু হবে। সংস্কারকাজ সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে শেষ হবে।

ফিটনেসবিহীন গাড়ি ডাম্পিং করা হচ্ছে জানিয়ে সড়ক পরিবহন উপদেষ্টা বলেন, নতুন গাড়ি নামাতে সহজ শর্তে ঋণ দেয়া হবে। গাড়ি আমদানি নীতিতে কিছু সংস্কার আনতে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে কথা হচ্ছে।

ফাওজুল কবির খান বলেন, অটোরিকশা বেআইনিভাবে বিদ্যুৎ ব্যবহার করে চার্জ দেয়। এটা বন্ধে ব্যবস্থা নিতে বিদ্যুৎ বিভাগকে নির্দেশ দেয়া হয়েছে। বহির্বিশ্বের কথা ভাবলে অটোরিকশা এভাবে চলতে দেয়া উচিত নয়। কিন্তু তাদের বিকল্প কর্মসংস্থানের কথাও ভাবতে হবে।

এ সময় তিনি আরও বলেন, রাস্তা নির্মাণ খরচ কমানোর জন্য রিভিউ কমিটি করা হয়েছে। তবে গুণগত মান রক্ষা করা হবে। যেসব রাস্তা পানি কিংবা বন্যায় বেশি ক্ষতিগ্রস্ত হয়, সংস্কারের সময় সেসব রাস্তা কংক্রিটের করার চেষ্টা হবে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading