‘স্বাধীনতাবিরোধী চক্র’ প্রাণনাশের হুমকি দিচ্ছে: ফজলুর রহমান

‘স্বাধীনতাবিরোধী চক্র’ প্রাণনাশের হুমকি দিচ্ছে: ফজলুর রহমান

উত্তরদক্ষিণ। সোমবার (২৫ আগস্ট) ২০২৫, আপডেট ২০:৩০

দেশ-বিদেশ থেকে ‘স্বাধীনতাবিরোধী একটি চক্র’ প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ তুলেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান।

সোমবার (২৫ আগস্ট) দুপুরে সুপ্রিম কোর্ট এনেক্স ভবনে ল’ রিপোর্টার্স ফোরামের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসে তিনি এ অভিযোগ তোলেন।

ফজলুর রহমান বলেন, ‘‘আমাকে মব সৃষ্টিকারীরা হত্যার হুমকি দিচ্ছে। আমার সেগুনবাগিচার ভাড়া বাসার সামনে ওরা অবস্থান নিয়েছে। আজ আপনাদের মাধ্যমে আমি সারা জাতিকে জানাতে চাই, বাংলাদেশের মানুষ আপনারা জেনে রাখুন, আমার জীবন বড় শঙ্কায় আছে।”

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে ‘বিতর্কিত’ বক্তব্য দেওয়ায় ফজলুর রহমানের গ্রেপ্তারের দাবিতে সোমবার তার বাসার সামনে অবস্থান নেয় কিছু মানুষ।

আগের দিন কিছু মানুষ বিক্ষোভ করে তার নিজ এলাকা কিশোরগঞ্জে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তার কুশপুত্তলিকায় আগুন দেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের (বাগছাস) নেতার্কমীরা।

এমন প্রেক্ষাপটে সংবাদ সম্মেলনে এসে ফজলুর রহমান বলেন, “আমার যে এলাকা— ইটনা, মিঠামইন, অষ্টগ্রামের মানুষের কাল থেকে বোধহয় নাওয়া-খাওয়া বন্ধ। যেটা আমার নির্বাচনী এলাকা (কিশোরগঞ্জ-৪) সেখানের মানুষ নিস্তব্ধ হয়ে গেছে। আমি দেশের একজন মানুষ; সংবিধানের মৌলিক অধিকার অনুযায়ী, এ দেশে আমার বেঁচে থাকার অধিকার আছে।”

কারা মব সৃষ্টি করছেন জানতে চাইলে সুপ্রিম কোর্টের এ জ্যেষ্ঠ আইনজীবী বলেন, ‘‘আমি ওদেরকে চিনি না— শিশু, বাচ্চা তো। ওরা সকাল ৭টা থেকে সেখানে আছে। শুনেছি তারা একটি ছাত্র সংগঠনের। তবে এটা আমাদের দলের ছাত্র সংগঠন নয়।

“আপনারা একটু খোঁজ নিয়ে দেখেন এরা কারা? মবসৃষ্টিকারীর সংখ্যা সাত থেকে নয় জন। ওরা বলছে, ফজলু পাগলাকে গ্রেপ্তার কর, ফজলু পাগলাকে বাঁচতে দেব না, ফজলু পাগলাকে হত্যা কর, এরকম আরকি।”

তিনি বলেন, ‘‘আমি নাকি ফজলু পাগলা। এই ফজলু পাগলা নামটি প্রথমে আমাকে দিয়েছে মুক্তিযুদ্ধবিরোধী জামায়াতে ইসলাম। প্রথমে এই কথাটা বলেছেন মুফতি আমির হামজা নামে একজন লোক।”

এরকম পরিস্থিতিতে আপনি দল থেকে সহযোগিতা পাচ্ছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘‘দল তো সাপোর্ট করবেই; করবে না কেন?

‘‘আমি এবং আমার পরিবার যে হত্যার হুমকির মধ্যে পড়েছি, সেটা অবশ্যই আমি আমার দলকে জানাব। জানাব না কেন? আজ সারা জাতিকেও এ সংবাদ সম্মেলনের মাধ্যমে জানালাম।”

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading