৪৯তম বিশেষ বিসিএসে ৩ লাখের বেশি আবেদন
উত্তরদক্ষিণ। বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, আপডেট ১৭:০০
শিক্ষা ক্যাডার নিয়োগে ৪৯তম বিশেষ বিসিএসে ৩ লাখ ১২ হাজারের বেশি আবেদন জমা পড়েছে। আজ বুধবার (২৭ আগস্ট) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) দপ্তরের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
এ বিসিএসের ৬৮৩টি পদে প্রভাষক নিয়োগ দেওয়া হবে। সেই হিসাবে প্রতি পদের বিপরীতে আবেদন পড়েছে ৪৫৬টি।
এদিকে, বিশেষ বিসিএসে প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হয় না। এমসিকিউ টাইপের প্রশ্নপত্রে ২০০ নম্বরের লিখিত পরীক্ষা এবং ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা নেওয়া হয়। বিজ্ঞপ্তি বলা হয়েছিল, অক্টোবর মাসের প্রথম সপ্তাহে লিখিত পরীক্ষা (এমসিকিউ টাইপ) নেওয়া হতে পারে। তারিখ নির্ধারণ করা হলে তা পিএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন সাংবিধানিক প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।
পিএসসি সূত্র জানায়, দেশের সরকারি কলেজগুলোতে শিক্ষক সংকট কাটাতে গত ২১ জুলাই ৪৯তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এরপর ২২ জুলাই থেকে অনলাইনে আবেদন শুরু হয়, যা চলে ২২ আগস্ট পর্যন্ত। তবে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করাদের পরবর্তী ৭২ ঘণ্টা অর্থাৎ, ২৫ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ফি পরিশোধের সুযোগ দেওয়া হয়।
প্রার্থীদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছিল সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ২০০ টাকা এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য ৫০ টাকা। বয়সসীমা রাখা হয় ২১ থেকে ৩২ বছর।
ইউডি/কেএস

