চরমপন্থী রাজনীতি প্রতিষ্ঠার চেষ্টা চলছে: মির্জা ফখরুল

চরমপন্থী রাজনীতি প্রতিষ্ঠার চেষ্টা চলছে: মির্জা ফখরুল

উত্তরদক্ষিণ। শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, আপডেট ১৩:৫০

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র চলছে। মধ্যমপন্থা ও উদারপন্থী রাজনীতি সরিয়ে দিয়ে উগ্রবাদ, চরমপন্থী রাজনীতি প্রতিষ্ঠার চেষ্টা চলছে। এটা বাংলাদেশের জন্য চরম ক্ষতিকর হবে। উদারপন্থী গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য ঐকবদ্ধ হয়ে কাজ করতে হবে।’’

শুক্রবার (২৯ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় তিনি বলেন, “রাজনীতিতে মতভেদ থাকবেই। এখন যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে জনগণ বিভ্রান্তিতে পড়ে যাচ্ছে। মানুষ বলছে নির্বাচন হবে তো? নির্বাচন নিয়ে মানুষের মধ্যে একধরনের আশঙ্কা রয়েছে। তবে নির্বাচন হবেই এবং ঘোষিত সময়ের মধ্যেই হবে। নির্বাচন যদি না হয়, তাহলে এই জাতি প্রচণ্ড রকমের ক্ষতিগ্রস্ত হবে। ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা অনেক বাড়বে। বিভিন্ন জায়গা থেকে অনেকে চেষ্টা করছে ফ্যাসিবাদেকে নিয়ে কথা বলার জন্য। বিদেশেও এটা নিয়ে কাজ হচ্ছে। তাই নির্বাচন খুব দরকার।”

বিএনপির মহাসচিব বলেন, “দুর্ভাগ্যজনকভাবে কয়েকটি রাজনৈতিক দল মিথ্যা-ভুল প্রচারণা করে বিএনপিকে হেয় প্রতিপন্ন করতে চায়। আপনারা তাদের এই সুযোগটা দিবেন না। যাতে তারা বলতে পারে বিএনপি খারাপ কাজ করছে। আপনারা মনে করবেন না যে আপনার ক্ষমতায় চলে এসেছেন। এখনো আপনারা ক্ষমতার কাছেই আসেননি। অনেকে ষড়যন্ত্র আছে, চক্রান্ত আছে।”

মির্জা ফখরুল বলেন, “কয়েকদিন আগে কিছু হতাশার কথা বলেছিলাম। এ বিষয় নিয়ে আমার কাছের মানুষ ভর্ৎসনা করেছে। তারা বলেছেন- আপনি হতাশার কথা বললেন কেনো, আমরা তো আপনার কথায় উৎসাহ পাই। তাদের বলেছিলাম- এই বয়সে এসে যখন দেখি আমার স্বপ্ন, লড়াই, সংগ্রাম ম্লান হয়ে যাচ্ছে। তখন স্বাভাবিকভাবেই হতাশা আসতে পারে।”

তিনি আরো বলেন, “জুলাইয়ের সংগ্রাম নিয়ে খুব বেশি লেখা হয়নি। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের নিয়ে অনেক কালজয়ী গান, কবিতা লেখালেখি হয়েছে কিন্তু জুলাই গণঅভ্যুত্থান নিয়ে তেমন কবিতা-গান আমি দেখিনি।”

এসময় উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কবি আবদুল হাই সিকদার, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন প্রমুখ।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading