আইনশৃঙ্খলা বাহিনী অতর্কিতভাবে আমাদের ওপর হামলা চালিয়েছে: রাশেদ খান
উত্তরদক্ষিণ। শনিবার (৩০ আগস্ট), ২০২৫, আপডেট, ০০:৩০
গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনী এসে অতর্কিতভাবে আমাদের ওপর হামলা চালিয়েছে। আমি সবেমাত্র কথা বলা শুরু করতে যাচ্ছি, সেই সময় আইনশৃঙ্খলা বাহিনী এই হামলা চালালো। প্রথম দফায় যে হামলা হয়েছে, তাতে আমার আঙুল ফ্র্যাকচার হয়েছে। আমি ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়েছি। এর পরে জাস্ট প্রতিবাদ জানানোর জন্য আমরা মশাল মিছিল করেছি। পরে প্রেস ব্রিফিং করার প্রস্তুতি নিচ্ছিলাম। সেই সময় সেনাবাহিনী, পুলিশ বাহিনী আমাদের কার্যালয়ের সামনে এসে আমাদের ওপর হামলা চালিয়েছে। এমনকি আমাদের কার্যালয়ে ঢুকে আমাদের নেতা-কর্মীদের ওপর তারা হামলা চালিয়েছে।
শুক্রবার (২৯ আগস্ট) কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালের নিচে সাংবাদিকদের এসব কথা বলেন রাশেদ খান।
তিনি বলেন, সেনাবাহিনী ও পুলিশের যারা আমাদের ওপর হামলা করেছে, এই হামলার সঙ্গে যারা জড়িত, আমরা দাবি রাখছি, তাদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে। আজকে খোদাবক্স তিনি কী করছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন কী না, প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন কী না, অন্য উপদেষ্টারা সেনাবাহিনী ও পুলিশকে আমাদের কার্যালয়ে ঢুকে, কার্যালয়ের সামনে ব্রিফিং যখন চলছিল, তখন হামলার নির্দেশনা দিয়েছেন কী না, আমরা সেই প্রশ্ন রাখছি। আজকে জাপার প্রতি আপার প্রতি এই প্রশাসনের এই সরকারের কেন মায়া?
রাশেদ খান বলেন, ‘আপা (শেখ হাসিনা) যে পথে গেছে, জাপাকেও সেই পথেই যেতে হবে। আমরা আওয়ামী লীগ আমলে মার খেয়েছি, আমাদের রক্তাক্ত করা হয়েছে, নুরুল হক নুরের ওপরে ২২ বার হামলা হয়েছে, আজকে অন্তর্বর্তী সরকারের আমলে নুরের ওপর হামলা হলো, আমরা এর বিচার চাই।
ইউডি/এবি

