জাতিসংঘ অধিবেশনে প্যালেস্টাইন প্রেসিডেন্টকে যোগ দিতে বাধা
উত্তরদক্ষিণ। শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, আপডেট ১৫:০০
প্যালেস্টাইন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও তার সঙ্গে থাকা প্রায় ৮০ জন প্যালেস্টাইন কর্মকর্তার ভিসা বাতিল করেছে আমেরিকা। ফলে আগামী মাসে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে পারবেন না তারা। বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। খবর বিবিসির।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিযোগ করেছেন, আব্বাস ও প্যালেস্টাইন কর্তৃপক্ষ শান্তি প্রক্রিয়া ব্যাহত করছেন এবং একতরফাভাবে একটি ‘কাল্পনিক প্যালেস্টাইন রাষ্ট্র’ স্বীকৃতির চেষ্টা করছেন। আমেরিকার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইসরায়েল।
তবে সমালোচকরা বলছেন, আমেরিকা জাতিসংঘ সদর দপ্তরের চুক্তি লঙ্ঘন করেছে, যেখানে স্পষ্টভাবে বলা আছে, যে কোনো রাষ্ট্রের প্রতিনিধি সম্পর্ক যাই হোক না কেন, নিউইয়র্কে জাতিসংঘের বৈঠকে যোগ দেওয়ায় বাধা দেওয়া যাবে না।
এই সিদ্ধান্তকে আন্তর্জাতিক আইনবিরোধী আখ্যা দিয়ে আমেরিকাকে সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানিয়েছে আব্বাসের কার্যালয়।
এদিকে ফ্রান্স, ব্রিটেন, কানাডা ও অস্ট্রেলিয়া আগামী অধিবেশনে প্যালেস্টাইন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছে। বর্তমানে জাতিসংঘের ১৯৩ সদস্য রাষ্ট্রের মধ্যে ১৪৭টি দেশ প্যালেস্টাইনকে স্বীকৃতি দিয়েছে।
ইউডি/এআর

