নির্বাচন বাধাগ্রস্ত করতে এলে আবারও রাস্তায় নামবে তরুণরা: সেলিমা রহমান
উত্তরদক্ষিণ। শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, আপডেট ১৫:০০
ফেব্রুয়ারিতে নির্বাচন কেউ বাধাগ্রস্ত করতে পারবে না মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, প্রয়োজনে তরুণ নেতারা আবারও রাস্তায় নেমে পড়বে।
শনিবার (৩০ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ প্রজন্ম ৭১ এর ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসব কথা বলেন তিনি।
সেলিমা রহমান বলেন, ‘নির্বাচন অবশ্যই হবে। যে রোডম্যাপ হয়েছে সেই অনুযায়ীই হবে। কোনো বাধা আসলে তরুণ নেতারাই আবার দেশকে রক্ষা করবে। কোনো পিআর পদ্ধতি চলবে না। মানুষ তার পছন্দমতো ভোট দেবে।’
তিনি বলেন, ‘বর্তমানে আমরা একটা কঠিন অবস্থায় আছি। এখনও স্বৈরাচারের দোসরদের পদধ্বনি শোনা যাচ্ছে। আমরা নিরাপত্তাহীনতায় আছি। বিশেষ করে বিএনপি। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে।’
‘বর্তমান সরকারের কাছে একটাই দাবি, সেটা হলো দ্রুত নির্বাচন। গত ১০ বছর একটি রাজনৈতিক দল কেবল নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টায় ছিল। জনগণের কথা ভাবেনি। এখন একটি গোষ্ঠী নির্বাচন বানচালের চেষ্টা করছে,’ যোগ করেন বিএনপির কেন্দ্রীয় এই নেতা।
গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নুরের ওপর হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘নূরের অবস্থা খুব খারাপ। এই অরাজকতা, আইনশৃঙ্খলার অবনতির জন্য দায়ী কারা? এটা আপনাদের বুঝতে হবে। আপনাদেরকে গণতন্ত্র নিয়ে আসতে হবে।’
ইউডি/কেএস

