সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

উত্তরদক্ষিণ। সোমবার, ০১ সেপ্টেম্বর, ২০২৫, আপডেট ১৮:৫৫

সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। সোমবার (০১ সেপ্টেম্বর) দুপুরে জামালপুরের সরিষাবাড়ী আমলি আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রোমানা আক্তার এই আদেশ দেন।

মামলা সূত্রে জানা গেছে, তথ্য প্রতিমন্ত্রী থাকাকালে এক ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের টকশোতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমানকে নিয়ে অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন ডা. মুরাদ হাসান। অসৎ উদ্দেশ্যে এই মিথ্যাচার, অশোভন ও কুরুচিপূর্ণ বক্তব্যে তারেক রহমান ও জাইমা রহমান তথা জিয়া পরিবারের দশ হাজার কোটি টাকার অধিক ক্ষতি সাধিত হয়েছে এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।

এই ঘটনায় জামালপুর জেলা ট্রাক ও ট্যাংক-লরি মালিক সমিতির সহসভাপতি ও সাবেক ছাত্রদল নেতা লায়ন মো. রুমেল সরকার বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় মুরাদ হাসান ছাড়াও টকশোর উপস্থাপক চট্টগ্রামের পটিয়া পৌর এলাকার এটিএম আবুল কাশেমের ছেলে মহিউদ্দিন হেলাল নাহিদকে আসামি করা হয়েছে। মামলায় এই দুই আসামির বিরুদ্ধেই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. মনিরুজ্জামান জানান, গত ২৪ মে সরিষাবাড়ী আমলি আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রুকসানা পারভিন দশ হাজার কোটি টাকার মানহানির মামলাটি আমলে নিয়ে ডা. মুরাদ হাসান ও মহিউদ্দিন হেলালের বিরুদ্ধে সমন জারি করেছিলেন। আইনের প্রতি সম্মান প্রদর্শন না করে তারা আদালতে হাজির হননি। এ জন্য ডা. মুরাদ হাসান ও অপর আসামি মহিউদ্দিন হেলাল নাহিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading