একক মিটার বাড়ল ড্রাফট, মাতারবাড়ীতে ভিড়বে বড় জাহাজ

একক মিটার বাড়ল ড্রাফট, মাতারবাড়ীতে ভিড়বে বড় জাহাজ

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, আপডেট ১২:৩৮

দেশের প্রথম গভীর সমুদ্রবন্দর মহেশখালীর মাতারবাড়ী হারবারে বড় জাহাজ বার্থিংয়ের সুযোগ বাড়িয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। মাতারবাড়ী কয়লা জেটিতে জাহাজের অনুমোদিত ড্রাফট এক মিটার বাড়িয়ে ১২ দশমিক ৫ মিটার করা হয়েছে। একই সঙ্গে সর্বোচ্চ ২৩০ মিটার দীর্ঘ জাহাজ ভেড়ানোর অনুমতি দেওয়া হয়েছে।

এর আগে মাতারবাড়ী কয়লা জেটিতে সর্বোচ্চ সাড়ে ১১ মিটার ড্রাফটের জাহাজ বার্থ নেওয়ার অনুমতি ছিল। নতুন নির্দেশনার ফলে আগের তুলনায় বেশি গভীরতার জাহাজ এখন এই জেটিতে ভিড়তে পারবে।

বুধবার (৯ সেপ্টেম্বর) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মেরিন বিভাগ থেকে জারি করা এক জরুরি নোটিশে এ তথ্য জানানো হয়। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত ডেপুটি কনজারভেটর স্বাক্ষরিত নোটিশে ২০২৫ সালের ২ ডিসেম্বর জারি করা ৩৭/২০২৫ নম্বর সার্কুলারটি বাতিল ঘোষণা করা হয়েছে।

নতুন নির্দেশনায় মাতারবাড়ী হারবারের জেটিভেদে জাহাজের দৈর্ঘ্য ও ড্রাফটের পৃথক সীমা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে মাতারবাড়ী কয়লা জেটিতে সর্বোচ্চ ২৩০ মিটার দীর্ঘ ও ১২ দশমিক ৫ মিটার ড্রাফটের জাহাজ বার্থ নিতে পারবে।

এ ছাড়া টার্মিনাল অয়েল জেটিতে সর্বোচ্চ ১৫০ মিটার দীর্ঘ ও ১০ মিটার ড্রাফটের জাহাজ এবং মাতারবাড়ী টেম্পোরারি জেটি-১-এ সর্বোচ্চ ১৫০ মিটার দীর্ঘ ও ৬ মিটার ড্রাফটের জাহাজ বার্থ নিতে পারবে।

সার্কুলারে বলা হয়েছে, নির্ধারিত সীমার মধ্যে থাকা জাহাজগুলো মাতারবাড়ী হারবারে বার্থ নিতে পারবে। জাহাজের মালিক, চার্টারার, মাস্টার ও শিপিং এজেন্টদের চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মেরিন বিভাগ প্রকাশিত ড্রাফট চার্টে থাকা নির্দেশনা অনুসরণ করতে হবে।

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন নির্দেশনার সঙ্গে সামঞ্জস্য রেখে জাহাজ পরিচালনার ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে মেরিন বিভাগের ড্রাফট চার্ট ও প্রযোজ্য নেভিগেশন নির্দেশনা মেনে চলতে হবে।

মাতারবাড়ী এলাকায় কয়লা, তেলসহ বিভিন্ন ধরনের বন্দর ও শিল্প কার্যক্রম পরিচালিত হচ্ছে। এসব কার্যক্রমে জাহাজের নিরাপদ বার্থিং ও নেভিগেশন নিশ্চিত করতে জাহাজের দৈর্ঘ্য ও ড্রাফট বিবেচনায় নিয়ে জেটিভিত্তিক সীমা নির্ধারণ করা হয়েছে।

চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, মাতারবাড়ী হারবারে জাহাজ বার্থিংয়ের জন্য জেটিভেদে সর্বোচ্চ দৈর্ঘ্য ও ড্রাফট নির্ধারণ করে দেওয়া হয়েছে। নির্ধারিত সীমার মধ্যে থাকা জাহাজগুলো সংশ্লিষ্ট জেটিতে বার্থ নিতে পারবে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading