সারা দেশে ২৩২ বিচারকের পদ সৃষ্টির সিদ্ধান্ত

সারা দেশে ২৩২ বিচারকের পদ সৃষ্টির সিদ্ধান্ত

উত্তরদক্ষিণ। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ২০২৫, আপডেট ২২:৪০

বিভিন্ন আদালতে ২৩২টি বিচারকের পদ সৃষ্টির সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস গঠন বিধিমালা, ২০২৫’ এর বিধি ৫ অনুসারে সার্ভিসের বিচারিক পদ সৃষ্টির বিষয়ে গঠিত কমিটির সভাপতি আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় কমিটির সদস্য আপিল বিভাগের বিচারপতি এ, কে, এম, আসাদুজ্জামান, হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আতাবুল্লাহ, বিচারপতি মো. বজলুর রহমান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. ম.: মোখলেস উর রহমান, অর্থ মন্ত্রণালয়ের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার এবং আইন ও বিচার বিভাগের সচিব (চলতি দায়িত্ব) মো. লিয়াকত আলী মোল্লা উপস্থিত ছিলেন।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী সভায় কমিটিকে সাচিবিক সহায়তা দেন।

সভা শেষে সুপ্রিম কোর্ট প্রশাসন জানায়, সভায় সর্বসম্মতভাবে শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনালের জেলা ও দায়রা জজ পদমর্যাদার ৬৪টি জেলায় ৬৪টি এবং মহানগর এলাকায় ৮টিসহ সর্বমোট ৭২টি বিচারকের পদ, ৬১টি জেলায় জেলা জজ পদমর্যাদার ৬১টি এবং মামলার সংখ্যা অনুপাতে ঢাকা জেলায় আরও ৪টিসহ সর্বমোট ৬৫টি পারিবারিক আপিল আদালতের বিচারকের পদ, ইতোমধ্যে সারা দেশে প্রতিষ্ঠিত ৫৪টি ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালের জেলা জজ পদমর্যাদার ৫৪টি ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালের বিচারকের পদ, ইতোপূর্বে সারা দেশে প্রতিষ্ঠিত ৫৪টি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে যুগ্ম জেলা জজ পদমর্যাদার মধ্যে বিদ্যমান সৃজিত ১৩টি বিচারকের পদ ব্যতীত অবশিষ্ট ৪১টি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারকের পদসহ সর্বমোট ২৩২টি বিচারিক পদ সৃষ্টির সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়া, ২৩২টি পদের বিপরীতে অবিলম্বে বিচারিক পদের সহায়ক জনবল সৃষ্টি এবং বিচারিক পদের অফিস সরঞ্জামাদি নির্ধারণের ক্ষেত্রে আইন ও বিচার বিভাগের এ বিষয়ে প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অর্থ বিভাগে পাঠানোসহ অন্যান্য আনুষ্ঠানিকতা পালনের নিমিত্ত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য আইন ও বিচার বিভাগকে পরামর্শ দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading