হত্যা মামলায় রিমান্ডে অভিনেতা সিদ্দিক

হত্যা মামলায় রিমান্ডে অভিনেতা সিদ্দিক

উত্তরদক্ষিণ। বুধবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৫, আপডেট ১৬:০০

জুলাই আন্দোলনকেন্দ্রিক রাজধানীর গুলশান থানার ভ্যানচালক হত্যাচেষ্টা মামলায় রিমান্ডের পর এবার একই থানার ফার্নিচার কর্মচারী পারভেজ বেপারী হত্যা মামলায় অভিনেতা মো. সিদ্দিকুর রহমানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (৩ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত এ আদেশ দেন।

গত ২০ আগস্ট এ মামলায় সিদ্দিককে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত। পরে ২৭ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক মো. সামিউল ইসলাম ১০ দিনের রিমান্ড আবেদন করেন। রিমান্ড শুনানির জন্য ৩ সেপ্টেম্বর দিন ধার্য করেন আদালত। পরে আজ তাকে আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর রিমান্ডের পক্ষে শুনানি করেন। জামিন চেয়ে আবেদন করে আসামি পক্ষের আইনজীবী। শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ২৯ এপ্রিল বিকালে রাজধানীর বেইলি রোডে সিদ্দিককে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে মারধর করে রমনা থানায় সোপর্দ করে একদল যুবক। পরের দিন ভ্যানচালক জব্বার আলী হাওলাদার হত্যাচেষ্টা মামলায় তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে কারাগারে ছিলেন তিনি।

মামলার সূত্রে জানা গেছে, জুলাই অভ্যুত্থানকালে গত বছরের ১৯ জুলাই গুলশানের সুবাস্তু টাওয়ারের সামনে বন্ধুদের সঙ্গে আন্দোলনে অংশ নেন ফার্নিচার কর্মচারী পারভেজ বেপারী (২৩)। জুমার পর আসামিদের ছোড়া গুলিতে আহত হলে তাকে ঢাকা মেডিক্যাল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার চলতি বছরের ২ জুলাই গুলশান থানায় মামলা করেন নিহতের বাবা মো. সবুজ।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading