রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় স্বর্ণের দাম

রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় স্বর্ণের দাম

উত্তরদক্ষিণ। সোমবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৫, আপডেট ০৯:০০

দেশের বাজারে স্বর্ণের দাম আরও বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনায় ২ হাজার ৭১৮ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে স্বর্ণের ভরি হয়েছে ১ লাখ ৮১ হাজার ৫৫০ টাকা। এর মাধ্যমে অতীতের সব রেকর্ড ভেঙে দাম উঠেছে নতুন উচ্চতায়।

স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা স্বর্ণ) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে।

আজ সোমবার (৮ সেপ্টেম্বর) থেকে স্বর্ণের নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

গতকাল রবিবার (৭ সেপ্টেম্বর) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ৪ ও ২ সেপ্টেম্বর এবং ৩১ ও ২৭ আগস্ট স্বর্ণের দাম আর ৪ দফা বাড়ানো হয়। চার দিনের মাথায় এখন দাম বাড়ানোর কারণ হিসেবে বাজুস বলছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বেড়েছে, তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বর্তমানে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের ২ হাজার ৭১৮ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮১ হাজার ৫৫০ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণে ২ হাজার ৬০১ টাকা বাড়িয়ে ১ লাখ ৭৩ হাজার ৩০৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণে ২ হাজার ২২৮ টাকা বাড়িয়ে নতুন দাম ১ লাখ ৪৮ হাজার ৫৪১ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণে ১ হাজার ৯০১ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ২৩ হাজার ৬৩ টাকা।

গত ৪ সেপ্টেম্বর সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণে ৩ হাজার ৪৪ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয় ১ লাখ ৭৮ হাজার ৮৩২ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণে ২ হাজার ৯০৫ টাকা বাড়িয়ে ১ লাখ ৭০ হাজার ৭০৩ টাকা নির্ধারণ করা হয়।

এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণে ২ হাজার ৪৮৪ টাকা বাড়িয়ে নতুন দাম ১ লাখ ৪৬ হাজার ৩১৩ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণে ২ হাজার ১২৩ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয় ১ লাখ ২১ হাজার ১৬৬ টাকা। এত দিন এটাই স্বর্ণের সর্বোচ্চ দাম ছিল।

রবিবার (৭ সেপ্টেম্বর) পর্যন্ত এই দামে স্বর্ণ বিক্রি হয়েছে। আগামীকাল সোমবার (৮ সেপ্টেম্বর) থেকে নতুন রেকর্ড দামে বিক্রি হবে স্বর্ণ।

এদিকে স্বর্ণের দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৮১১ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ১ হাজার ৭২৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading