মঞ্চে আজ বটতলার ‘খনা’
উত্তরদক্ষিণ। সোমবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৫, আপডেট ১২:২৫
নাট্য সংগঠন বটতলা তাদের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঞ্চস্থ করতে যাচ্ছে জনপ্রিয় নাটক ‘খনা’। বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে আজ সোমবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে দেখা যাবে নাটকটি। আজ নাটকটির ৯৩তম প্রদর্শনী হবে।
মোহাম্মদ আলী হায়দার নির্দেশিত এ নাটকটি নারীর অধিকার ও শ্রেণিবৈষম্যের প্রশ্নকে সাহসিকতার সঙ্গে উপস্থাপন করেছে। প্রায় ১,৫০০ বছর আগের প্রেক্ষাপটে রচিত হলেও নাটকের গল্প আজও সমানভাবে প্রাসঙ্গিক। নারীর জন্য ঘরের বাইরের জগতে প্রবেশের প্রথম বাধা যে ঘরের ভেতর থেকেই শুরু হয় এই সামাজিক বাস্তবতা উঠে এসেছে ‘খনা’র কাহিনিতে।
নাটকটি রচনা করেছেন সামিনা লুৎফা নিত্রা। মঞ্চ ও আলোক পরিকল্পনায় আবু দাউদ আশরাফী। সংগীত করেছেন ব্রাত্য আমিন, শারমিন ইতি ও জিয়াউল আবেদিন রাখাল। পোশাক ডিজাইন করেছেন তাহমিনা সুলতানা মৌ এবং তৌফিক হাসান। প্রপসে কাজ করেছেন হুমায়রা আখতার। কোরিওগ্রাফিতে আছেন নাসিরুদ্দিন নাদিম ও মোহাম্মাদ রাফী।
নাটকটিতে অভিনয় করবেন কাজী রোকসানা রুমা, ইভান রিয়াজ, ইমরান খান মুন্না, তৌফিক হাসান, শারমীন ইতি, শেউতি শাহগুফতা, কামারুজ্জামান সাঈদ, হাফিজা আক্তার ঝুমা, চন্দন পাল, আবদুল কাদেরসহ আরও অনেকে।
ইউডি/এআর

