জুলাই সনদ বাস্তবায়নে ৪ প্রস্তাবের দুটিতে দলগুলো ‘একমত’: আলী রীয়াজ
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ২০২৫, আপডেট ২৩:৫৯
জুলাই জাতীয় সনদ কীভাবে বাস্তবায়ন হবে, তা নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের তরফে দেওয়া চারটি প্রস্তাবের মধ্যে দুটিতে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে বলে জানিয়েছেন কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ঢাকায় ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে দলগুলোর সাথে ঐকমত্য কমিশনের আলোচনা শেষে তিনি বলেন, “সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আজকের আলোচনায় দুটি বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে।
“সুপারিশের যে সব বিষয় সংবিধান সংশ্লিষ্ট নয়, সে সকল বিষয় বাস্তবায়নের জন্যে অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ জারি করতে পারে। সুপারিশের যেসব বিষয় সরকারি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আদেশ ও বিধি প্রণয়নের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব সেগুলো অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাস্তবায়ন করতে পারে৷”
গত ৫ অগাস্ট ছাত্র-গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের গণতান্ত্রিক উত্তরণে রাষ্ট্র সংস্কারের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। দুই ধাপে গঠন করা ১১টি সংস্কার সংস্কার সরকারপ্রধানের কাছে সুপারিশ জমা দিয়েছে।
এর মধ্যে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, জনপ্রশাসন, দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের গুরুত্ব ১৬২টি সুপারিশ বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দুই দফা সংলাপ করে জাতীয় ঐকমত্য কমিশন।
এর মধ্যে নোট অব ডিসেন্ট বা ভিন্নমতসহ ৮৪টি বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে দলগুলো, এসব বিষয় রেখে জুলাই সনদের খসড়া চূড়ান্ত করে দলগুলো দেওয়া হয়েছে।
এখন এই সনদ বাস্তবায়নের উপায় ঠিক করতে দলগুলোর সঙ্গে তৃতীয় পর্যায়ের বৈঠক শুরু করেছে জাতীয় ঐকমত্য কমিশন।
এদিন ২৯টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকের সূচনায় কমিশনের তরফে সনদ বাস্তবায়নে চারটি প্রস্তাব তুলে ধরা হয়, এগুলো হল- অধ্যাদেশ, নির্বাহী আদেশ, গণভোট, বিশেষ সাংবিধানিক আদেশ।
আলী রীয়াজ বলেন, “সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে ইতোমধ্যে অধ্যাদেশ জারি ও যথাযথ পদক্ষেপের মাধ্যমে তা বাস্তবায়নের কাজ শুরু হয়েছে।”
জুলাই জাতীয় সনদের চূড়ান্ত খসড়া দলগুলোকে দেওয়া হলেও বাস্তবায়নের উপায় কী হবে তা নিয়ে এখনো ঐকমত্য হয়নি।
ইউডি/এবি

