জ্যেষ্ঠতা তালিকার আপত্তি নিষ্পত্তিতে ৪৬ শিক্ষককে শুনানিতে তলব

জ্যেষ্ঠতা তালিকার আপত্তি নিষ্পত্তিতে ৪৬ শিক্ষককে শুনানিতে তলব

উত্তরদক্ষিণ। সোমবার, ২২ জুন, ২০২৬, আপডেট ১৭:৫০

পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউটের নন-ক্যাডারভুক্ত চিফ ইনস্ট্রাক্টরদের উপাধ্যক্ষ পদে পদোন্নতির খসড়ায় জ্যেষ্ঠতা তালিকা নিয়ে তৈরি হওয়া আপত্তি ও অভিযোগ নিষ্পত্তির উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে দ্বিতীয় পর্যায়ে ৪৬ জন শিক্ষক ও কর্মকর্তাকে ২৪ জুন বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে কারিগরি শিক্ষা অধিদপ্তরের সভাকক্ষে ব্যক্তিগত শুনানির জন্য তলব করা হয়েছে।

আজ (সোমবার) মন্ত্রণালয়ের কারিগরি শাখা-১ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট শিক্ষকদের যথাসময়ে উপস্থিত থেকে স্ব-স্ব বক্তব্য পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ষষ্ঠ গ্রেডের ফিডার পদধারী চিফ ইনস্ট্রাক্টরদের উপাধ্যক্ষ পদে পদোন্নতি প্রদানের নিমিত্ত সম্প্রতি একটি খসড়া জ্যেষ্ঠতা তালিকা প্রকাশ করা হয়। এই তালিকার ওপর নির্ধারিত সময়ের মধ্যে ৮৬ জন শিক্ষক ও কর্মকর্তা তাদের আপত্তি, পরামর্শ, মতামত কিংবা অভিযোগ উত্থাপন করেন। এর মধ্যে দ্বিতীয় পর্যায়ে ৪৬ জন শিক্ষকের উত্থাপিত আপত্তি ও অভিযোগসমূহ নিষ্পত্তির লক্ষ্যে এই ব্যক্তিগত শুনানির আয়োজন করা হয়েছে। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) এই শুনানি গ্রহণ করবেন।

বিজ্ঞপ্তিতে শুনানিতে অংশ নিতে ৪৬ জন চিফ ইনস্ট্রাক্টরের নাম ও বর্তমান কর্মস্থলের তালিকা প্রকাশ করে তাদের যথাসময়ে উপস্থিত থেকে স্ব-স্ব বক্তব্য পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে। তালিকায় রাজশাহী, বগুড়া, পাবনা, কুমিল্লা, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, ভোলা, মৌলভীবাজার, গোপালগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, যশোর, নরসিংদী, ফেনী, ঠাকুরগাঁও, চট্টগ্রাম, ফরিদপুর, রংপুর, দিনাজপুর, বরিশাল, নওগাঁ, সিরাজগঞ্জ, ব্রাহ্মণবাড়ীয়া ও খুলনা পলিটেকনিকের শিক্ষকেরা রয়েছেন।

এ ছাড়া বাংলাদেশ সার্ভে ইনস্টিটিউট, বাংলাদেশ ইনস্টিটিউট অব গ্লাস অ্যান্ড সিরামিক এবং ফেনী কম্পিউটার ইনস্টিটিউটের শিক্ষকেরাও এই তালিকায় আছেন।

মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, এই ব্যক্তিগত শুনানিতে অংশগ্রহণ করতে সংশ্লিষ্ট শিক্ষক বা কর্মকর্তাদের কোনো প্রকার টিএ/ডিএ (ভ্রমণ বা দৈনিক ভাতা) দেওয়া হবে না।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading