রেফারি নিয়ে ফিফার কাছে নালিশ করবে রিয়াল

রেফারি নিয়ে ফিফার কাছে নালিশ করবে রিয়াল

উত্তরদক্ষিণ। সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, আপডেট ১২:৪৫

লা লিগার অনেক দলেরই অভিযোগ, রেফারির কাছ থেকে বরাবরই বেশি সুবিধা পেয়ে থাকে রিয়াল মাদ্রিদ। সেই দলই কিনা এবার রেফারিদের বিরুদ্ধে অভিযোগ তুলেছে! এমনকি ফিফার কাছে নালিশ জানানোর হুমকিও দিয়েছে লস ব্লাঙ্কোসরা। মূলত দলের ডিফেন্ডার লাল কার্ড পাওয়াতেই খেপেছে স্প্যানিশ ক্লাবটি।

লা লিগায় নিজেদের শেষ ম্যাচে বেশির ভাগ সময় একজন খেলোয়াড় কম নিয়ে খেলেও সোসিয়েদাদকে তাদেরই মাঠে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এ ম্যাচে লাল কার্ড দেখেছেন দলটির ডিফেন্ডার ডিন হুইসেন। আর এতেই অসন্তুষ্ট ক্লাবটি। স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর, চলতি মৌসুম ও গত মৌসুমে রেফারিদের বিতর্কিত সিদ্ধান্তগুলো নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করছে মাদ্রিদ। সেই নথি ফিফার কাছে পাঠাবে তারা।

লা লিগায় টানা চতুর্থ জয় পাওয়া রিয়াল ২-১ গোলে সোসিয়েদাদকে হারিয়েছে। ম্যাচের ৩২ মিনিটে সোসিয়েদাদ অধিনায়ক মিকেল ওইয়ারসাবালের সঙ্গে বল দখলের লড়াইয়ে থাকা অবস্থায় ধাক্কা লাগে হুইসেনের। বল পুরোপুরি নিয়ন্ত্রণে ছিল না ওইয়ারসাবালের, তবে তিনি মাটিতে পড়ে যান। স্পষ্ট গোল করার সুযোগ নষ্ট করার অপরাধে হুইসেনকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি হেসুস হিল মানজানো।

এ সিদ্ধান্তে ক্ষিপ্ত হয়ে তখনই প্রতিবাদ জানিয়ে হলুদ কার্ড দেখেন রিয়াল মাদ্রিদ কোচ জাবি আলোনসো। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে রেফারিকে উদ্দেশ্য করে তার বলা কথার ভিডিও। যেখানে আলোনসোকে বলতে শোনা যায়, ‘হেসুস, আমি খারাপভাবে ভাবতে চাই না, কিন্তু আপনি আমাকে বাধ্য করছেন। দেখেননি মিলিতাও পাশে ছিল? সে তো পাঁচ মিটার দূরে! এটা অবশ্যই সিটিএ (টেকনিক্যাল কমিটি) পর্যন্ত যাবে, ভিডিও রিভিউতে যাবে।’

এমনকি ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে হুইসেনের লাল কার্ড নিয়ে আবারও কথা বলেন আলোনসো, ‘আমার মতে ওটা হলুদ কার্ড। মিলিতাও খুব কাছেই ছিল, বল নিয়ন্ত্রণে ছিল না, তখনো ৪০ মিটার পথ পাড়ি দিতে হতো। রেফারির ভিন্ন ব্যাখ্যা আছে, কিন্তু রিপ্লে দেখেও আমার মত পাল্টায়নি। ভিএআরকেও অন্য ব্যাখ্যা দেওয়া উচিত ছিল।’

ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদ টিভি আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে, লিগের প্রথম চার ম্যাচের পাশাপাশি গত মৌসুমের রেফারিং বিতর্কগুলো নিয়েও একটি প্রতিবেদন তৈরি করছে ক্লাব, ‘রিয়াল মাদ্রিদ একটি প্রতিবেদন তৈরি করছে, যাতে এই মৌসুমের প্রথম চার রাউন্ড ও গত মৌসুমে রিয়ালের বিপক্ষে দেওয়া সব বিতর্কিত সিদ্ধান্ত থাকবে। সেই নথি ফিফার কাছে জমা দেওয়া হবে, যেন তারা স্প্যানিশ ফুটবলের রেফারিং পরিস্থিতি সম্পর্কে পরিষ্কার ধারণা পায়।’

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading